পাকিস্তান সফর সংক্ষিপ্ত করতে সরকারের নির্দেশ

তাহলে পাকিস্তান সফরটা কি অনিশ্চিত হয়ে গেল? এই প্রশ্নের জবাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন একমত হলেন, ‘হতে পারে। আমাদের দিক থেকে অনিশ্চয়তা আমি দেখছি না। আমাদেরটা ক্লিয়ার কাট। এখন ওরা (পিসিবি) এটাকে কীভাবে নেবে তা আমরা জানি না।’ মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা চলে এসেছে এখন বাংলাদেশ-পাকিস্তান সিরিজে।

গতকাল মিরপুরে বিসিবির হেডকোয়ার্টারে বোর্ড পরিচালকদের নিয়ে প্রেসিডেন্টের প্রথম বোর্ড মিটিংটা নানা কারণে ছিল গুরুত্বপূর্ণ। আসন্ন পাকিস্তান সফরের ব্যাপারে সিদ্ধান্ত, মাশরাফী বিন মোর্ত্তজা কেন্দ্রীয় চুক্তিতে থাকবেন কি না, আন্তর্জাতিক খেলোয়াড়দের ম্যাচ ফি বাড়বে কি না এসব ছিল সামনে। সবচেয়ে আলোচিত ইস্যুটিকে সবচেয়ে শেষে জানালেন বোর্ড প্রধান নাজমুল হাসান। সাফ বলে দিলেন, সরকারের কাছ থেকে কেবল টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাওয়ার অনুমতি পেয়েছেন তারা। আরেক বিষয়ে জানালেন, নতুন খেলোয়াড়কে সুযোগ করে দিতে কেন্দ্রীয় চুক্তি থেকে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফী নিজেই সরে দাঁড়িয়েছেন। খেলোয়াড়দের ম্যাচ ফি বেড়েছে। বিশেষ করে টেস্টে বেশি। তবে চুক্তিতে নতুন খেলোয়াড়কে আনা যায় কি না সেটা পর্যালোচনা করতে একটু সময় নিচ্ছে বোর্ড। ১৫ তারিখ তারা আবার বসবেন।

পাকিস্তানে ৩টি টি-টোয়েন্টি আর দুই টেস্টের সিরিজ খেলতে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু বিসিবি সেখানে আপাতত কেবল টি-টোয়েন্টি সিরিজ খেলতে যেতে চেয়েছিল। পাকিস্তান প্রস্তাব করেছিল দুই টেস্টের মধ্যে কয়েকদিন বিরতি রেখে এই সময়ে দুইবার সফর করে দুই টেস্ট খেলে আসতে।

কিন্তু নাজমুল হাসান আনুষ্ঠানিকভাবে কাল জানালেন পাকিস্তানের প্রস্তাব গ্রহণ করা সম্ভব না। ‘মধ্যপ্র্ােচ্য এখন যে পরিস্থিতি তা দেশের মধ্যে সীমাবদ্ধ না।’ নাজমুল হাসান জানালেন, ‘যে কোনো সফরের আগে জিও বা গভর্নমেন্ট অর্ডার লাগে। সেজন্য পুরো সূচি পাঠিয়েছিলাম। এখন পর্যন্ত সিদ্ধান্তের কাগজটা আমাদের হাতে পৌঁছায়নি। তবে একটা স্ক্রিন শট পেয়েছি। তারা বলছে, মধ্যপ্রাচ্য এখন যে পরিস্থিতি তা অবশ্যই অন্য সময়ের চেয়ে আলাদা। এই অঞ্চলে চলমান সমস্যা বিবেচনা করে সফরটা যত শর্ট করা সম্ভব তা করতে বলেছে। টি-টোয়েন্টি তিনটি যত কম সময়ে সম্ভব খেলে ফিরে আসতে বলেছে। পরিস্থিতি উন্নয়ন হলে তখন টেস্ট খেলা যাবে।’

পাকিস্তানকে এই সিদ্ধান্ত জানানো হয়েছে? ‘মৌখিকভাবে আমরা জানিয়েছি।’ পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট এহসান মানির সঙ্গে ফোনে তিন দফা কথা হয়েছে বলে জানান নাজমুল হাসান। এর সঙ্গে যোগ করেন, ‘এই ব্যাপারটা (সিদ্ধান্ত) সরকারের কাছ থেকে আমরা পেয়েছি। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে আমরা বিষয়টা মৌখিকভাবে জানিয়েছি। আনুষ্ঠানিক চিঠি পেলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। সরকারি সিদ্ধান্ত যা এসেছে তাতে সেই সিদ্ধান্তের বাইরে যাওয়া কঠিন।’

তার মানে পাকিস্তান সফরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত বাংলাদেশ দিয়ে দিল। এখন দেখার পাকিস্তান থেকে প্রতিক্রিয়া কীভাবে আসে। এই মাসের শুরুতে ইরাকে ইরানের কুদস বাহিনীর প্রধান কাশেম সুলেইমানিকে হত্যা করে মার্কিন যুক্তরাষ্ট্র। কড়া প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। এর মধ্যে তারা ইরাকে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে। সেখানে অনেক মার্কিন সেনা নিহত হয়েছে বলে ইরানের দাবি। এছাড়া ইরান ভুলক্রমে ইউক্রেনের এক যাত্রীবাহী বিমান ধ্বংস করেছে। বিমানের ১৭৬ যাত্রীর সবাই নিহত হয়েছেন। মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকার তাদের জাতীয় ক্রিকেট দলকে দীর্ঘ সময়ের জন্য পাকিস্তানে দেখতে চায় না।

কিন্তু একদিনের সফরেও তো সমস্যা হতে পারে? বিসিবি প্রেসিডেন্ট বলেছেন, পাকিস্তানে ক্রিকেট ফেরাতে তারা সহায়তা করতে চান। ইতিহাস বলে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মতো দল টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলতে পাকিস্তানে যাবে না। বাংলাদেশ তো আর চ্যাম্পিয়ন হবে না। বড় জোর পয়েন্ট কাটা যাবে। তাহলে এই সফরে যাওয়া দরকারই বা কি এত ঝুঁকি মাথায় নিয়ে? নাজমুল হাসান ভেবে বললেন, ‘এই প্রশ্নের জবাব দেওয়া খুব কঠিন। ওরা যাবে না তা আমরা নিশ্চিত না। প্রত্যেক দেশ হোম অ্যান্ড অ্যাওয়েতে রাজি হয়েছিল। ওদের হোম বলতে ছিল ইউএই (সংযুক্ত আরব আমিরাত)। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা খেলে এলো পাকিস্তানে। টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা ওয়াকওভার দেব এমনটা হতেই পারে না।’

এদিকে কদিন আগে মিডিয়ার মাধ্যমে মাশরাফী বলেছেন, তিনি খেলা চালিয়ে যাবেন। অবসরের সিদ্ধান্ত নিয়ে ভাবতে পারেন বিসিবি বললে। মিডিয়ার মাধ্যমে এটা জেনেছেন জানিয়ে নাজমুল হাসান বললেন, ‘আমরা চাই মাশরাফীকে এমন বড় করে বিদায় দিতে যা এই দেশে কখনো হয়নি, খুব শিগগির হবেও না। এখন সে যদি সেটা নিতে না চায় তাহলে কি আর করা।’

 নাজমুল হাসান কেন্দ্রীয় চুক্তির প্রসঙ্গে ঢুকে আগে বলেছেন এই বিষয়টা, ‘মাশরাফীর সঙ্গে আমার কথা হয়েছে এই মিটিং শুরু হওয়ার আগে। সেই ফোন করেছিল। সে তাকে কেন্দ্রীয় চুক্তিতে না রাখতে বলেছে। খেলার মধ্যে আছে। কিন্তু সেন্ট্রাল কন্ট্রাক্টে থাকতে চায় না।’ বিসিবি সভাপতি বলছিলেন, ‘তার কারণ হিসেবে সে বলেছে, এতে করে নতুন একজন তার জায়গায় চুক্তিতে জায়গা পাবে। আমরা এটা গ্রহণ করেছি। সেন্ট্রাল কন্ট্রাক্ট যেটা আসছে সেটাতে হয়তো মাশরাফী থাকছে না।’

২০১৭ সালে শেষবার খেলোয়াড়দের ম্যাচ ফি বেড়েছিল। কিছুদিন আগে ক্রিকেটারদের আন্দোলনেও ম্যাচ ফি বাড়ানোর দাবি ছিল। বিসিবি সভাপতি সেই বাড়ানোর ঘোষণটা দিলেন, ‘টি-টোয়েন্টিতে ২ লাখ, ওয়ানডেতে ৩ লাখ আর টেস্টে ৬ লাখ টাকা করেছি। টেস্টে আমরা উল্লেখযোগ্য পরিমাণ ম্যাচ ফি বাড়িয়েছি।’ আগে একটা টি-টোয়েন্টি খেললে একজন ক্রিকেটার পেতেন ১ লাখ ২৫ হাজার টাকা। ২ লাখ টাকা মিলত প্রত্যেক ওয়ানডেতে। আর এক টেস্ট খেলে পেতেন সাড়ে ৩ লাখ টাকা।

আরও কিছু সিদ্ধান্তের মধ্যে একটি ছিল বিপিএল নিয়ে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবারের বিশেষ আসরের নাম বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ। বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে টুর্নামেন্টের নাম বঙ্গবন্ধু বিপিএল রাখার। জাতীয় দলের ফাস্ট বোলিং কোচের জায়গা ফাঁকা। তিনজনের শর্ট লিস্ট করা হয়েছে। দুদিন পর সিদ্ধান্ত আসবে। অস্ট্রেলিয়ার কোচিং বিশেষজ্ঞ রস টার্নার বাংলাদেশের আম্পায়ার, কোচ ও কিউরেটরদের প্রশিক্ষণ দিতে ৩ বছরের শিক্ষা কার্যক্রম চালাবেন।

এছাড়া বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান আজ দুবাই যাচ্ছেন। আইসিসির সদর দপ্তর ওখানে। আইসিসির প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহর সেখানে তাকে আমন্ত্রণ জানিয়েছেন। পাকিস্তান সফর নিয়ে কিছু বিষয় নাজমুল হাসানের মনে আছে। আলাপ করার আভাস দিলেন।