সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজে র্যাগিংয়ের নামে জ্যেষ্ঠ শিক্ষার্থীদের হাতে নবীন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নির্যাতন ঠেকাতে কমিটি ও স্কোয়াড গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। গতকাল রবিবার এ-সংক্রান্ত একটি রিট আবেদনের ওপর শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়।
আদেশে বলা হয়েছে, তিন মাসের মধ্যে কমিটি ও স্কোয়াড গঠন করতে হবে। সংশ্লিষ্ট কমিটি র্যাগিংয়ের অভিযোগ গ্রহণ, তা নিষ্পত্তিসহ এটি বন্ধে প্রয়োজনীয় সুপারিশ করবে। এ ছাড়া স্কোয়াড বিষয়টি দেখভালের পাশাপাশি কমিটির কার্যক্রম তদারকি করবে। হাইকোর্টের এ আদেশ বাস্তবায়ন করবে শিক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আবেদনকারী আইনজীবী ইশরাত হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত কুমার তালুকদার।
আইনজীবীরা জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জীবন ও সম্মান রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা ও নীতিমালা প্রণয়নে বিবাদীদের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। শিক্ষা সচিব, স্বরাষ্ট্র সচিব ও ইউজিসির চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
ইশরাত হাসান দেশ রূপান্তরকে জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে নবীন শিক্ষার্থীরা যাতে জ্যেষ্ঠ শিক্ষার্থীদের হাতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার না হন, সে বিষয়ে ব্যবস্থা নিতে গত বছরের ৯ অক্টোবর সংশ্লিষ্টদের আইনি নোটিস পাঠানো হয়। কিন্তু নোটিসের পরিপ্রেক্ষিতে কোনো জবাব বা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করায় এ বিষয়ে নির্দেশনা চেয়ে গত বুধবার হাইকোর্টে এই রিট আবেদনটি করা হয়।
তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় বা কলেজে যারা ভর্তি হন তাদের বয়স ১৮ বছরের বেশি হয় না। বলা যায় শিশু। কিন্তু অনেক নবীন শিক্ষার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়েই কতিপয় সিনিয়রের মাধ্যমে র্যাগিংয়ের নামে নির্যাতনের শিকার হন। এতে করে মানসিকভাবে ওই শিক্ষার্থী বিপর্যস্ত হয়ে পড়েন। এটি ঠেকাতেই এ কমিটি গঠনের নির্দেশনা। যে কমিটি হবে সেটি র্যাগিংয়ের অভিযোগ গ্রহণ করে তা নিষ্পত্তির উদ্যোগ ও প্রয়োজনীয় সুপারিশ করবে। একই সঙ্গে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে একজন ওয়ার্ডেন থাকবেন যিনি অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্টদের তা অবহিত করবেন। সংশ্লিষ্ট স্কোয়াড বিষয়টি পর্যবেক্ষণ ও তদারকি করে দেখবে যে কমিটি এ বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে কি না।’