হ্যারির সঙ্গে সরাসরি কথা বলতে রানীর জরুরি বৈঠক

সাম্প্রতিক টানাপড়েন কাটাতে এবং ডিউক ও ডাচেস অব সাসেক্সের ভবিষ্যৎ নির্ধারণে রাজপরিবারে জ্যেষ্ঠ সদস্যদের নিয়ে জরুরি বৈঠকে বসছেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। আজ সোমবার সান্দ্রিংহাম স্টেটে বৈঠকটি অনুষ্ঠিত হবে। সেখানে রানী সরাসরি কথা বলবেন সদ্য রাজপরিবার ছেড়ে দেওয়ার ঘোষণা দেওয়া ডিউক অব সাসেক্সের দায়িত্বে থাকা প্রিন্স হ্যারির সঙ্গে। হ্যারির স্ত্রী ও ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল কানাডা থেকে টেলিফোনে যোগ দেবেন ওই বৈঠকে। 

বাকিংহাম প্যালেসের একটি সূত্রের বরাতে বিবিসি বলছে, রানী আজকের এই বৈঠকে প্রিন্স অব ওয়েলস চার্লস ও ডিউক অব কেমব্রিজ প্রিন্স উইলিয়ামকেও থাকার নির্দেশ দিয়েছেন। বৈঠক উপলক্ষে রানী গতকাল রবিবারই বাকিংহাম প্যালেস থেকে সান্দ্রিংহাম স্টেটে গেছেন। সেখানেই ডিউক ও ডাচেস অব সাসেক্সের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে।

গত সপ্তাহে হ্যারি এবং তার স্ত্রী মেগান রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্যের ভূমিকা পালন সীমিত করার ঘোষণা দেন। তারা জানান, আর্থিকভাবে স্বাবলম্বী হতে এবং নিজেদের সময় উত্তর আমেরিকা এবং যুক্তরাজ্যের মধ্যে ভাগ করার লক্ষ্যে রাজপরিবারের নিজেদের ভূমিকা সীমিত করতে চান।

তাদের এ ঘোষণার পর থেকে ব্রিটিশ রাজপরিবারে নজিরবিহীন সংকট তৈরি হয়েছে। এ নিয়ে গত কয়েক দিন ধরে দফায় দফায় আলোচনা ও পরামর্শের পর সংকটকালীন এ বৈঠক ডেকেছেন রানী। ধারণা করা হচ্ছে, বৈঠকে হ্যারি ও মেগানকে তাদের সিদ্ধান্ত নতুন করে গ্রহণের আহ্বান জানানো হতে পারে।