মাদকের গডফাদারদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, ‘গত দুই বছরে অনেক গডফাদারকেই গ্রেপ্তার করা হয়েছে। যারা এখনো আত্মগোপনে রয়েছে, তাদেরও খোঁজা হচ্ছে। যেখানেই তাদের পাওয়া যাবে, সেখানেই তাদের গ্রেপ্তার করা হবে।’ গতকাল রবিবার রাজধানীর সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (নারকোটিকস) প্রধান কার্যালয়ের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নারকোটিকস ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এনআইএমএস) ওয়েবসাইট ও মাদকবিরোধী বিজ্ঞাপনের উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
মন্ত্রী আরও বলেন, ‘রাজনীতিবিদ হোক কিংবা নির্বাচনের জনপ্রতিনিধি হোক, অন্যায় করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রী শুধু মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেননি, পাশাপাশি তিনি সমাজে সুশাসন প্রতিষ্ঠার কথাও বলেছেন। যারা মাদক বিক্রি করে অন্যায়ভাবে টাকা উপার্জন করে, তারা ক্যাসিনো খেলাসহ অন্যায়ভাবেই সেই টাকা ব্যয় করে। অনেকে নির্বাচন করে জনপ্রতিনিধি সেজে নিজেকে জাহির করতে চান। তবে আমরা কাউকেই ছাড় দিচ্ছি না।’
মাদকবিরোধী অভিযানের গতি কমে গেছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘অভিযান মোটেও স্তিমিত হয়নি। মাদকের বিরুদ্ধে শুরু হওয়া অভিযান কখনো বন্ধ হয়নি। মাদকসেবী ও মাদক কারবারি থেকে শুরু করে বড় বড় মাদক সম্রাট কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না। সবাইকে ধরা হচ্ছে। মাদকবিরোধী অভিযানে পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ডসহ সব বাহিনী কাজ করছে।’ দেশে মাদকের চাহিদা কমানোর চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী কামাল বলেন, ‘চাহিদা কমে গেলে সরবরাহও হ্রাস পাবে। ধূমপানের বিরুদ্ধে রাস্তায় নেমে আমরা প্রচার চালিয়েছিলাম। ফলে ধূমপান এখন অনেকটাই নিয়ন্ত্রণে।’’