শিশুকে গলা কেটে হত্যাচেষ্টা সৎমায়ের

গলায় ছুরি দিয়ে আঘাত করে সাড়ে চার বছর বয়সী এক শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে এক সৎমায়ের বিরুদ্ধে।

রবিবার দুপুরে রাঙ্গামাটি শহরের জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে সোনালী ব্যাংক সংলগ্ন পাড়ায় এ ঘটনা ঘটে।

ছুরি দিয়ে গলায় আঘাতের পর সৎমা পালাতে গেলে শিশুর চিৎকার শুনে এলাকাবাসী ধরে তাকে পুলিশে দেয়। আহত শিশুকে রাঙ্গামাটি হাসপাতালে নিয়ে গেলে তার গলায় তাৎক্ষণিক অস্ত্রোপচার করা হয়। শিশুর গলায় প্রায় ছয় ইঞ্চি কেটে গেছে বলে জানান হাসপাতালের আবাসিক চিকিৎসক।

শিশুর মা বলেন, কাপড় শুকাতে ছাদে গিয়ে চিৎকার শুনে দৌড়ে নেমে এসে শৌচাগারে গিয়ে দেখি স্বামীর প্রথম স্ত্রী কাউছার ফেরদৌস ছুরি দিয়ে আমার ছেলেকে জবাই করছে। ছেলের গলা দিয়ে রক্ত ঝরছিল। এ সময় চিৎকার দিয়ে উঠলে কাউছার ফেরদৌস আমাকেও ছুরি দিয়ে হত্যা করতে আসে। পরে এলাকাবাসী এগিয়ে এলে কাউছার ফেরদৌস পালানোর চেষ্টা করে।

রাঙ্গামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক শওকত আকবর বলেন, শিশুটির উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে রেফার করা হচ্ছে।

রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার মো. ছুফিউল্লাহ জানিয়েছেন, সৎমা কাউছার ফেরদৌসের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।