পটুয়াখালীতে হত্যাকাণ্ডের ঘটনায় যুবলীগ সভাপতি ৩ দিনের রিমান্ডে

পটুয়াখালীর কলাপাড়ায় আব্বাস হাওলাদার (৬০) হত্যাকাণ্ডের প্রধান আসামি নীলগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. শামীম খলিফা’র তিন দিনের পুলিশ রিমান্ড ও একই মামলার অপর এক আসামি আনোয়ার খলিফা’র দু’দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত।

সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পটুয়াখালীর ইন্সপেক্টর আবদুস সোবাহান’র পাঁচ দিনের রিমান্ড আবেদন শুনানি শেষে বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শোভন শাহরিয়ারের আদালত রিমান্ড মঞ্জুর করেন। 

আদালত সূত্রে জানা গেছে, জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর এলাকার  বাসিন্দা মোছলেম আলী খলিফার সঙ্গে চাচাতো ভাই রশিদ খলিফার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রশিদ খলিফা তার  লোকজন নিয়ে বিরোধীয় জমিতে ঘর তোলেন। গত বছরের ২৭ সেপ্টেম্বর ভোর সাড়ে চার টার দিকে মোছলেম খলিফার লোকজন ওই ঘরে অতর্কিত হামলা চালালে ৮ জন আহত হয় ও আব্বাস হাওলাদার নিহত হন।

এ ঘটনায় নিহত আব্বাসের  স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে ৩৪ জনের নামে কলাপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।