পর্নোগ্রাফি মামলার বাদী মুক্তিযোদ্ধা পরিবারকে হয়রানির অভিযোগ

গৃহবধূর আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়ানোর অভিযোগে মামলা করায় এক মুক্তিযোদ্ধা পরিবারকে ‘মিথ্যা মামলা’ দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে।

সোমবার শৈলকুপা উপজেলার চরধলহরা চন্দ্র গ্রামের ভুক্তভোগী ওই নারী সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন।

তার অভিযোগ, ২০১৮ সালে চরধলহরা চন্দ্র গ্রামের মৃত ইয়াকুব মণ্ডলের ছেলের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর স্বামী সিঙ্গাপুর যাওয়ার পর ভাশুরের ছেলে ইউনুস তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। রাজি না হওয়ায় ইউনুস তার নগ্ন ছবি বানিয়ে গ্রামে প্রচার করে। বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে জানালেও সুরাহা হয়নি। পরে তিনি শৈলকুপা থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। সেই মামলায় ইউনুস কারাগারে। এরপর থেকে তাকে ও তার চাচার বিরুদ্ধে ধর্ষণচেষ্টা, চুরি-ডাকাতিসহ তিনটি মিথ্যা মামলা দেয় আসামির স্বজনরা। এ ব্যাপারে ইউনুসের পরিবারের বক্তব্য পাওয়া যায়নি।