রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিশেষ আদালতে পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফের মৃত্যুদণ্ড ‘অসাংবিধানিক’ বলে বাতিল করে দিয়েছে লাহোর হাইকোর্ট। পারভেজ মোশাররফকে গত মাসে তার অনুপস্থিতিতেই এ মৃত্যুদণ্ড দিয়েছিল বিশেষ আদালত। গতকাল সোমবার হাইকোর্ট এ দণ্ড খারিজ করে। লাহোরের হাইকোর্ট রায়ে বলেছে, যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে মোশাররফকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তা ‘অসাংবিধানিক’ এবং ‘অবৈধ’।
বিচারপতি সায়েদ মাজাহার আলি আকবর নাকভি, বিচারপতি মোহাম্মদ আমির ভাট্টি ও বিচারপতি চৌধুরি মাসুদ জাহাঙ্গিরের বেঞ্চ এ রায় দেয়।
গত ১৭ ডিসেম্বর মোশাররফের অনুপস্থিতিতেই ইসলামাবাদের একটি বিশেষ আদালত ওই মৃত্যুদণ্ড দিয়েছিল। ২০০৭ সালে তিনি সামরিক বাহিনীকে রাজধানী ইসলামাবাদের একটি মসজিদে হামলা চালানোর নির্দেশ দিয়েছিলেন। কিন্তু একজন মুসলিম নেতা তার ওই নির্দেশনা অমান্য করে নিজ কর্মীদের স্থানীয় ব্যবসায়ীদের ওপর হামলার আদেশ দিয়েছিলেন। এ সময় শতাধিক লোক নিহত হয়েছিল।
মোশাররফ ২০০৭ সালের নভেম্বরের আগ পর্যন্ত বিতর্কিতভাবে সেনাপ্রধানের পদে অধিষ্ঠিত ছিলেন, ওই মাসেই তার শাসনের বিরুদ্ধে ব্যাপক গণজোয়ার শুরু হলে পাকিস্তানে জরুরি অবস্থা জারি করেছিলেন। ৩ নভেম্বর সেনাশাসক জরুরি অবস্থা জারি করে সংবিধান স্থগিত করেন এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা ও বিচারকদের আটকে রাখেন। মূলত ২০০৭ সালের মার্চে পাকিস্তান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইফতেখার মাহমুদ চৌধুরিকে অবৈধভাবে অবসরে পাঠান মোশাররফ।