সিলেটে লেগুনার ধাক্কায় কলেজছাত্র নিহত

সিলেটের বিশ্বনাথে লেগুনার ধাক্কায় শোভন নন্দী (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার কাজিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে শোভনের সহপাঠী আকাশ ঘোষ । শোভন নন্দী দিঘলী গ্রামের সুভাষ নন্দীর ছেলে। সে সিলেট এমসি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল। বিশ্বনাথ থানার ওসি শামীম মুসা জানান, কলেজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল শোভন ও আকাশ। কাজিবাড়ি এলাকায় পৌঁছলে একটি লেগুনা তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ ঘটনায় তারা উল্টে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে তাদের ওসমানী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা শোভনকে মৃত ঘোষণা করেন। আহত আকাশ ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। লেগুনা ও এর চালককে আটকের চেষ্টা চলছে।

এদিকে সাতক্ষীরা সদরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. হাবেল (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। ময়মনসিংহের ভালুকায় গাড়িচাপায় দুলাল উদ্দিন (৪০) নামে এক মিষ্টি ব্যবসায়ী, কুষ্টিয়ায় বাইপাস সড়কে ট্রাকের ধাক্কায় ইসলাম (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী, গাজীপুরের কালীগঞ্জে দুই বাসের চাপায় অঞ্জু রানী দাস (৬২) নামে এক বৃদ্ধা ও চাঁদপুরের ফরিদগঞ্জে ট্রাকচাপায় লামিয়া আক্তার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বিস্তারিত আমাদের নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবরে

সাতক্ষীরায় ট্রাকচাপায় প্রাণ গেল যুবকের : সাতক্ষীরা সদর উপজেলায় ট্রাকচাপায় জাহিদ হোসেন (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সোমবার দুপুর ২টার দিকে বাইপাস সড়কের বকচরা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নহতের লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে।

সীতাকু-ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে যুবক নিহত : চট্টগ্রামের সীতাকু-ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. হাবেল (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার বাড়বকু-ের সেবা ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। হাবেল ওই ট্রাকের হেলপার হিসেবে কর্মরত ছিলেন। তিনি টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার রুপশান্তি গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

ময়মনসিংহে গাড়িচাপায় ব্যবসায়ীর প্রাণহানি : ময়মনসিংহের ভালুকায় গাড়িচাপায় দুলাল উদ্দিন (৪০) নামে এক মিষ্টি ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভরাডোবা বাকসতরা তাফরিদ কটন ফ্যাক্টরির সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহত দুলাল উপজেলার সাতেঙ্গা গ্রামের প্রয়াত হাসমত আলীর ছেলে।

গাজীপুরে বাসচাপায় বৃদ্ধার মৃত্যু : গাজীপুরের কালীগঞ্জে দুই বাসের চাপায় অঞ্জু রানী দাস (৬২) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেলে পৌরসভা বাজার এলাকার বাসস্ট্যান্ডে কালীগঞ্জ ট্রান্সপোর্ট লিমিটেডের (কেটিএল) দুটি বাসচাপায় ঘটনাস্থলেই মারা যান তিনি। নিহত অঞ্জু রানী কালীগঞ্জ পৌর এলাকার মুনশুরপুর গ্রামের প্রয়াত পরেশ চন্দ্র দাসের স্ত্রী।

চাঁদপুরে ট্রাকচাপায় শিশু নিহত : চাঁদপুরের ফরিদগঞ্জে ট্রাকচাপায় লামিয়া আক্তার (৫) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার ধানুয়া এলাকায় চাঁদপুর-রায়পুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত লামিয়া উপজেলার গোবিন্দপুরের প্রত্যাশি গ্রামের ইব্রাহিমের মেয়ে।

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু : কুষ্টিয়ায় বাইপাস সড়কে ট্রাকের ধাক্কায় ইসলাম (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া বাইপাস সড়কের বটতৈল থেকে বারখাদা অভিমুখে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসলাম সদর উপজেলার জগতি কাটাজুলাপাড়া এলাকার গেদন ড্রাইভারের ছেলে।