আশুলিয়ার গকুলনগর এলাকায় জঙ্গি সন্দেহে ঘিরে রাখা বাড়ি থেকে শাইলা শারমীন (২৫) নামে এক নারীকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। এ সময় ওই বাড়ি থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম ও ড্রোন তৈরির সরঞ্জামসহ ৩টি খেলনা পিস্তল উদ্ধার করা হয়।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন সরদার এ তথ্য জানান।
এর আগে বিকেল ৫টা থেকে গকুল নগর বাজারের পাশে প্রবাসী আক্তার হোসেনের বাড়িটি ঘিরে রাখা হয়।
আটক শাইলা শারমীন নব্য জেএমবির তানভীরের স্ত্রী, তানভীর জেএমবির আইটি সদস্য হিসেবে কাজ করেন বলে জানা গেছে।
ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন সরদার জানান, বগুড়া পুলিশের সহায়তায় আমাদের গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা জানতে পারেন যে, এই বাড়িতে নব্য জেএমবির সদস্যরা তাদের কার্যক্রম চালাচ্ছে। পরে রবিবার বিকেল থেকে অভিযান চালিয়ে নব্য জেএমবির সদস্য তানভীরের স্ত্রী শাইলা শারমীনকে আটক করা হয়।
সেই সঙ্গে বাসায় তল্লাশি করে আমরা কিছু দেশীয় আগ্নেয়াস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম ও ড্রোন তৈরির সরঞ্জামসহ ৩টি খেলনা পিস্তল পেয়েছি।
তিনি আরও বলেন, জানুয়ারির প্রথম দিকে তানভীর ও শাইলা দম্পতি এই বাড়িটি ভাড়া নেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আই আই টি) বিভাগের শিক্ষার্থী তানভীর। তানভীর নব্য জেএমবির আইটি সদস্য। তাকে ধরতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ সাঈদুর রহমান, আশুলিয়া থানার অফিসার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ, ঢাকা জেলা উত্তর (ডিবি) পুলিশের এর অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার, আশুলিয়া থানার ওসি (তদন্ত) জাভেদ মাসুদসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।