শ্রীলঙ্কা দলের প্রধান কোচের দায়িত্ব থেকে চন্ডিকা হাথুরুসিংহেকে সরিয়ে দেওয়া হয়েছিল আগেই। গেল বছর আগস্টে বাংলাদেশের সাবেক এই কোচকে বহিষ্কার করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। চার মাস কোনো কাজে ছিলেন না হাথুরুসিংহে। এবার তার সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড।
এদিকে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই কোচের পদ থেকে সরিয়ে দেওয়ায় কদিন আগেই আন্তর্জাতিক ক্রীড়া আদালতের শরণাপন্ন হয়েছেন হাথুরুসিংহে। লঙ্কান বোর্ডের কাছে দাবি করেছেন ক্ষতিপূরণ।
আন্তর্জাতিক ক্রীড়া আদালত থেকে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে হাথুরুসিংহের দাবির তালিকাও প্রেরণ করা হয়েছে। এর মাঝেই গত শুক্রবার বোর্ডের কার্যনির্বাহী সভার পর হাথুরুসিংহেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
২০১৭ সালের ডিসেম্বরে শ্রীলঙ্কা দলের দায়িত্ব নিয়েছিলেন হাথুরুসিংহে। ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত ছিল তার চুক্তির মেয়াদ। ধারাবাহিক ব্যর্থতায় হাথুরুসিংহেকে সরিয়ে রুমেশ রত্নায়েকেকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। পরে প্রধান কোচ হিসেবে দায়িত্ব পান পাকিস্তানের সাবেক কোচ মিকি আর্থার।