বঙ্গবন্ধু গোল্ড কাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট মাঠে গড়াচ্ছে বুধবার। উদ্বোধনী দিনেই বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিনের মুখোমুখি হবে বাংলাদেশ। মঙ্গলবার টুর্নামেন্ট শুরুর আগে এবারের আসরকে স্মরণীয় করে রাখার লক্ষ্যের কথা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া।
বঙ্গবন্ধু গোল্ড কাপের এবারের আসরটি ‘বিশেষ আসর’। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে আয়োজিত হচ্ছে এই আসর। শুধু তাই নয়, মুজিব বর্ষ উপলক্ষে বছরব্যাপী যে ক্রীড়া সূচি রয়েছে, তার মধ্যে এই টুর্নামেন্টই প্রথম মাঠে গড়াচ্ছে।
যে আসর শুরুর আগে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘যেহেতু এটা বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর আয়োজন, আমরা এখানে সেরাটা দিতে চাই। যদি জিততে পারি এটা শুধু বাংলাদেশের জন্য নয়, আমাদের জন্য, সব খেলোয়াড়দের জন্য অনেক বড় ইতিহাস হবে।’
নিজেদের প্রস্তুতি নিয়েও সন্তুষ্টির কথা জানিয়েছেন জামাল, ‘এ পর্যন্ত আমরা যে প্রস্তুতি নিয়েছি ও অনুশীলন করেছি তা নিয়ে আমরা সন্তুষ্ট।’
তবে সর্বশেষ আসরে ফিলিস্তিনের বিপক্ষে হেরেই সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল বাংলাদেশকে। আসরে অংশ নিতে যাওয়া ৬ দেশের মধ্যে ফিলিস্তিনই সবচেয়ে এগিয়েছে।
ফিফা র্যাঙ্কিংয়ে ১০৬ নম্বরে দেশটি। বাংলাদেশের অবস্থান ১৮৭। তাই প্রথম ম্যাচেই কঠিন চ্যালেঞ্জই জয় করতে হবে জামালদের।
বাংলাদেশ কোচ জেমি ডে জানিয়েছেন নতুন বছরের প্রথম টুর্নামেন্টকে স্মরণীয় করে রাখার কথা, ‘নতুন বছরটা আমরা ইতিবাচকভাবে শুরু করতে চাই। আমরা আমাদের সর্বোচ্চটুকু দেব।’
জেমি ডের প্রথম লক্ষ্য টুর্নামেন্টে যত দূর সম্ভব এগিয়ে যাওয়া, ‘আশা করি গ্রুপের দুই ম্যাচেই আমরা ভালো করতে পারব এবং সেমি-ফাইনালে উঠতে পারব।’
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-ফিলিস্তিন ম্যাচ মাঠে গড়াবে বিকেল ৫টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি।
খেলোয়াড়দের উৎসাহ জোগাতে দর্শকদের মাঠে আসার জন্য অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া, ‘গ্যালারিতে অনেক সমর্থক দেখতে চাই। বছর জুড়ে গ্যালারিতে অনেক দর্শক দেখেছি এবং তাদের সমর্থন আমাদের জন্য চমৎকার একটা বিষয়। এটা খেলোয়াড়দের সাহায্য করে।’
‘এ’ গ্রুপে থাকা বাংলাদেশের অন্য প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপে থাকা তিন দেশ- বুরুন্ডি, সিশেলস ও মরিশাস।