ওয়েবসাইটে ভিডিও দেখার সময় স্ক্রল করা অথবা প্রোগ্রামে যাওয়ার প্রয়োজন হতে পারে। তবে ভিডিওকে পপআপ করে স্ক্রিনের ওপর সব সময় রাখা যেত না। কারণ তেমন কোনো উপযুক্ত টুল ব্রাউজারেই ছিল না। এবার এমন একটি টুল ফায়ারফক্স ব্রাউজারে যুক্ত করল মজিলা।
সংবাদমাধ্যম এন গ্যাজেট জানিয়েছে, এই টুলটি পেতে হলে বর্তমানে উইন্ডোজ ব্যবহারকারীদের ফায়ারফক্সের নতুন সংস্করণ ডাউনলোড করে ইনস্টল করতে হবে।
এর মাধ্যমে ওয়েব ব্রাউজ করার সময় কোনো ভিডিও চালু করলে ভিডিওটির ডান পাশে নীল রঙের একটি পপআপ থাকবে। পপআপের ওপর মাউস রাখলে সেটি বড় হয়ে পিকচার-ইন-পিকচার লেখাটি দেখাবে। এর ওপর ক্লিক করলে ভিডিওটি নতুন একটি উইন্ডোতে চালু হবে। এই পপআপ উইন্ডোটিকে প্রয়োজনমতো ছোট-বড় করা যাবে এবং স্ক্রিনের যেকোনো স্থানেই তাকে রাখা যাবে। পপআপটি সব সময় স্ক্রিনের ওপরই থাকবে।
দুই মনিটর নিয়ে কাজ করলে যেকোনো একটিতে রেখেও কাজ করা যাবে। এই সুবিধাটি বর্তমানে ল্যাপটপ ব্যবহারকারীরাই পাবেন। চলতি মাসেই ম্যাক ও লিনাক্স সংস্করণে এই টুল আসতে পারে বলে জানা গেছে।