সুনামগঞ্জে শিশু তোফাজ্জল হত্যা

বিচারের দাবিতে মানববন্ধন, চাচার স্বীকারোক্তি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সাত বছরের শিশু মাদ্রাসা শিক্ষার্থী তোফাজ্জল হোসেনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ এবং দোষীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলার আবদুর জহুর চত্বরে উপজেলা খেলাঘর আসরের আয়োজনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষকসহ সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, নৃশংসভাবে সাত বছরের একটি শিশুকে এভাবে যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের মাধ্যমে দ্রুত বিচারকাজ শেষ করতে হবে, যাতে শিশুদের ওপর এমন নৃশংসতা করতে অপরাধীরা ভয় পায়।

এদিকে শিশু তোফাজ্জল হোসেন হত্যাকা-ে নিজের সম্পৃক্ততা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে গ্রেপ্তার আসামি সারোয়ার হাবিব রাসেল। সে সম্পর্কে তোফাজ্জলের বাবার ফুপাতো ভাই। মঙ্গলবার সন্ধ্যায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রাসেলের জবানবন্দি গ্রহণ করে।