বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব কাল শুরু

গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এই পর্ব শেষ হবে ১৯ জানুয়ারি। এ পর্বের কার্যক্রম চালানোর জন্য দিল্লির মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের ময়দানের দায়িত্বও বুঝিয়ে দেওয়া হয়েছে।

ইজতেমার প্রথম পর্ব গত ১০-১২ জানুয়ারি সম্পন্ন হলে মুসল্লিরা ময়দান ত্যাগ করেন। এরপর প্রশাসন দ্বিতীয় পর্বের জন্য ইজতেমা ময়দান বুঝে নেয়। এরই মধ্যে মাঠের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দ্বিতীয় পর্বে ইজতেমায় যোগ দিতে মুসল্লিরা ময়দানে আসতে শুরু করেছেন।

গত সোমবার রাতে গাজীপুর জেলা প্রশাসক কর্র্তৃপক্ষের কাছে ময়দানের মাইক, লাইট, শামিয়ানার চটসহ যাবতীয় মালামাল বুঝিয়ে দেন। ৫৫তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের সমন্বয়কারী হাজী মো. মনির হোসেন জানান, তারা ময়দান বুঝে পেয়েছেন। এ পর্বের জন্য ময়দান প্রস্তুত করতে সিটি করপোরেশন, স্থানীয় প্রশাসন ও তাবলিগের সাথীরা পুরোদমে কাজ চালিয়ে যাচ্ছেন। ময়দানের নিচু স্থানে বালি ফেলা হচ্ছে, ময়লা-আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্ন ও চারপাশে ব্লিচিং পাউডার ছিটানো হচ্ছে। বৃহস্পতিবারের (আজ) মধ্যে ময়দান পুরো প্রস্তুত হবে।

সরেজমিনে দেখা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের পক্ষ থেকে ময়দানে নতুন করে ৫০০ ট্রাক বালি ফেলে উঁচু করা হয়েছে। ময়দানে ৮০০ ড্রাম ব্লিচিং পাউডার ছিটানো হয়েছে। ইজতেমাসংশ্লিষ্ট অন্যান্য কাজ প্রায় সম্পন্ন হয়েছে। সিটি করপোরেশন ময়দান প্রস্তুত ও আনুষঙ্গিক কাজের তদারকি করেছে।

দ্বিতীয় পর্বের ইজতেমার সমন্বয়ক হাজী মুনির হোসেন জানান, এ পর্বের ইজতেমায় রেকর্ডসংখ্যক দেশি-বিদেশি মুসল্লি অংশ নেবেন বলে তারা আশা করছেন।

বাংলাদেশে তাবলিগ জামাতের প্রধান মারকাজ কাকরাইলের মুরব্বি হাফেজ মাওলানা যুবায়ের আহমদের অনুসারীদের অংশগ্রহণে টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষে গত রবিবার এই আখেরি মোনাজাতে অংশ নেন লাখো মানুষ। মাওলানা যুবায়ের নিজেই মোনাজাত পরিচালনা করেন। গত বছরও প্রথম পর্বে মোনাজাত পরিচালনা করেন তিনি।

দিল্লির মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের অংশগ্রহণে ১৭-১৯ জানুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমার মধ্য দিয়ে শেষ হবে তাবলিগ জামাতের এই বার্ষিক বিশ্ব সম্মিলন।

বিশ্ব তাবলিগ জামাতের আমির ভারতের মাওলানা জোবায়েরুল হাসানের মৃত্যুর পর থেকে ইজতেমার মোনাজাত পরিচালনা করছিলেন দেশটির আরেক শীর্ষস্থানীয় আলেম মাওলানা সাদ কান্ধলভি। কিন্তু তাকে নিয়ে সৃষ্টি হওয়া বিতর্ককে ঘিরে গত বছর থেকে আলাদভাবে ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে।

আলমি শুরার সাথীদের ইজতেমার জিম্মাদার প্রকৌশলী মাহফুজুর রহমান জানান, গত ১০-১২ জানুয়ারি আলমি শুরার সাথীদের বিশ্ব ইজতেমা সম্পন্ন হয়েছে। ২০২১ সালের জন্য শুধু আলমি শুরার সাথীরাই দুই পর্বে আয়োজন করবে বিশ্ব ইজতেমা। প্রথম পর্ব হবে ৮, ৯ ও ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি।