জোড়া গোল করলেন কিলিয়ান এমবাপে। একবার জালের দেখা পেয়েছেন ছন্দে থাকা নেইমার। তাতে স্বাগতিক মোনাকোকে উড়িয়ে লিগ ওয়ানে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দৃঢ় করেছে পিএসজি।
প্রতিপক্ষের মাঠে বুধবার রাতে ফ্রান্সের শীর্ষ লিগের ম্যাচটিতে ৪-১ গোলের জয় পায় টমাস টুখেলের দল। ম্যাচের শুরুর ও শেষ গোলটি এমবাপের। মাঝের দুই গোল নেইমার ও পাওলো সারাবিয়ার। তিন দিন আগেই দল দুটির মধ্যকার প্রথম লেগের ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়।
প্রতিপক্ষের মাঠে খেলা শুরুর ২৪তম মিনিটে পিএসজিকে এগিয়ে নেন এমবাপে। আর্জেন্টাইন উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়ার দ্রুত গতির পাস থেকে ডান দিক থেকে ডান পায়ের শটে গোলটি করেন ফরাসি এই ফরোয়ার্ড।
বিরতিতে যাওয়ার ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। পিএসজির লেফট-ব্যাক লেভিন কুরজাওয়া ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তাতে গোল করতে ভুল করলেন না ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার।
৭২তম মিনিটে তৃতীয় গোল পায় পিএসজি। মার্কো ভেরাত্তির পাস থেকে গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার পাওলো সারাবিয়া। ম্যাচের যোগ করা সময়ে নেইমারের পাসে নিজের দ্বিতীয় ও দলীয় চতুর্থ গোল করেন এমবাপে।
মোনাকো সান্ত্বনাসূচক গোলটি পায় ৮৭তম মিনিটে।
এই জয়ে ২০ ম্যাচে ষোলো জয় ও এক ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও দৃঢ় করেছে লিগের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। ৮ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয়স্থানে আছে মার্শেই।