বাংলাদেশকে দিয়ে হারের বৃত্ত ভাঙতে চান মিসবাহ

আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে এক নম্বর দল পাকিস্তান। কিন্তু সেই দলটাই কিনা সর্বশেষ টি-টোয়েন্টি জিতেছে প্রায় এক বছর হতে চলল। গত বছর ৬ ফেব্রুয়ারি সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর সংক্ষিপ্ত সংস্করণে আর জয়ের দেখা যায়নি পাকিস্তান।

সব মিলে ২০১৯ সালে ১০ ম্যাচের মাত্র ১টিতে জয় পেয়েছে পাকিস্তান। একটি ম্যাচ পরিত্যক্ত হয়। হার ৮টিতেই।

র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা দলের এই চিত্র কিছুতেই মানতে পারছেন না পাকিস্তানের প্রধান কোচ ও প্রধান নির্বাচক মিসবাহ-উল-হক। আসন্ন বাংলাদেশ সিরিজেই তাই তিনি এই হারের বৃত্ত ভাঙার কথা জানিয়েছেন।

বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেন মিসবাহ। এ সময় তিনি বলেন, দল গঠনের সময় হারের বৃত্ত ভাঙার লক্ষ্যই মাথা রেখেছেন তিনি। সেভাবেই করেছেন পরিকল্পনা।

মিসবাহ বলেন, ‘টি-টোয়েন্টির এক নম্বর দল হয়েও আমরা শেষ ৯ টি-টোয়েন্টির মধ্যে ৮টিতে হেরেছি। এটা মানা যায় না। এই হারের বৃত্ত আমাদের ভাঙা উচিত। এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমাদের জয়ের অভ্যাস গড়া উচিত। এই পরিকল্পনা দল গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’

বাবর আজমকে অধিনায়ক করে ১৫ সদস্যের যে দল ঘোষণা করেছে পাকিস্তান, সেখানে অভিজ্ঞতার সঙ্গে রয়েছে তারুণ্যের মিশেল। মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিকের মতো অভিজ্ঞদের ফেরানো হয়েছে। আবার বাদ পড়েছেন মোহাম্মদ আমির, ফখর জামান, ওয়াহাব রিয়াজের মতো তারকা। পাকিস্তান সবশেষ টি-টোয়েন্টি সিরিজ খেলে অস্ট্রেলিয়ার বিপক্ষে। সেই সিরিজের সাতজনকেই বাদ দিয়ে দল গড়েছেন মিসবাহ।

অবশ্য সাত ক্রিকেটারের বাদ পড়া প্রসঙ্গে তাদের সাম্প্রতিক ফর্মের কথাই উল্লেখ করেছেন মিসবাহ, ‘সাত ক্রিকেটার বাদ পড়েছেন মানেই যে তারা আমাদের পরিকল্পনা থেকে বাদ পড়ছেন তা নয়। আন্তর্জাতিক ক্রিকেটে তাদের সাম্প্রতিক পারফরম্যান্স ও আমাদের ন্যাশনাল টি-টোয়েন্টি ক্রিকেটের সেরাদের ফর্ম এখানে বিবেচনায় এসেছে।’

শোয়েব মালিক ও হাফিজকে ফেরানো প্রসঙ্গে মিসবাহ বলেন, ‘তারা অভিজ্ঞ খেলোয়াড়। সব মিলে ২০০ টি-টোয়েন্টি (হাফিজ ৮৯টি, মালিক ১১১টি) খেলেছে। অতিতে তারা পারফর্ম করেছে। এবং আমরা বিশ্বাস করি তারা আসন্ন সিরিজে ভালো করবে।’

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সব কটি ম্যাচই হবে লাহোরে। ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।

আরো পড়ুন:

বাংলাদেশের বিপক্ষে শোয়েব-হাফিজকে ফেরাল পাকিস্তান