বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। বাবর আজমকে অধিনায়ক করে ঘোষিত ১৫ সদস্যের দলে ফেরানো হয়েছে দুই অভিজ্ঞ ক্রিকেটার শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজকে।
বৃহস্পতিবার পাকিস্তান দলের প্রধান কোচ ও প্রধান নির্বাচক মিসবাহ-উল-হক বাংলাদেশ সিরিজের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা করেন। শোয়েব-হাফিজের সঙ্গে টি-টোয়েন্টি দলে ফিরেছেন শাহিন শাহ আফ্রিদিও। তবে সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদের জায়গা হয়নি দলে।
অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের মিশেলে গড়া হয়েছে পাকিস্তান দল। যে দলে মোট তিনজনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটেনি এখনো। তারা হলেন- এহসান আলি, আমাদ বাট ও হারিস রউফ।
পাকিস্তানের সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়েছেন ৭ ক্রিকেটার। তারা হলেন- ফখর জামান, মোহাম্মদ আমির, আসিফ আলি, হারিস সোহেল, ইমাম-উল-হক, মোহাম্মদ ইরফান ও ওয়াহাব রিয়াজ। যাদের সবাই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ছিলেন।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সব কটি ম্যাচই হবে লাহোরে। ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।
দল ঘোষণার পর পাকিস্তান কোচ ও নির্বাচক মিসবাহ বলেন, ‘টি-টোয়েন্টির এক নম্বর দল হয়েও আমরা শেষ ৯ টি-টোয়েন্টির মধ্যে ৮টিতে হেরেছি। এটা মানা যায় না। এই হারের বৃত্ত আমাদের ভাঙ উচিত। এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমাদের জয়ের অভ্যাস গড়া উচিত। এই পরিকল্পনা দল গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’
শোয়েব মালিক ও হাফিজকে ফেরানো প্রসঙ্গে বলেন, ‘তারা অভিজ্ঞ খেলোয়াড়। সব মিলে ২০০ টি-টোয়েন্টি (হাফিজ ৮৯টি, মালিক ১১১টি) খেলেছে। অতিতে তারা পারফর্ম করেছে। এবং আমরা বিশ্বাস করি তারা আসন্ন সিরিজে ভালো করবে।
সাত ক্রিকেটারের বাদ পড়া প্রসঙ্গে তাদের সাম্প্রতিক ফর্মের কথাই উল্লেখ করেছেন মিসবাহ। তবে এও বলেন, ‘তাদের বাদ পড়া মানে এই নয়, তারা আমাদের পরিকল্পনায় নেই।’
টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান দল:
বাবর আজম (অধিনায়ক), এহসান আলি, আমাদ বাট, হারিস রউফ, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান, মুসা খান, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, শোয়েব মালিক ও উসমান জাভেদ।
