১৮ প্রেক্ষাগৃহে স্পর্শিয়ার ‘কাঠবিড়ালী’

একজন পেশাদার শিল্পী তো ক্যারিয়ারে অনেক কাজই করে। কিন্তু সব কাজ তার মনমতো হয় না। সব কাজ তার মনের খুব কাছেরও হয় না। কিছু কাজ থাকে, যা শিল্পীকে আলাদা মায়ায় ফেলে দেয়। হৃদয়ের গভীরে কাজটির জন্য ভিন্ন রকম টান কাজ করে। এ সময়ের মেধাবী অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার জন্য তেমনি একটি কাজ ‘কাঠবিড়ালী’ চলচ্চিত্রটি। দীর্ঘদিন ধরে মনের গহনে লালন করেছেন সিনেমাটিকে। একজন গ্ল্যামারাস তারকার ইমেজ ভেঙে সিনেমার একজন সাধারণ কুশলীর মতো কাজ করেছেন। নেননি কোনো পারিশ্রমিক। শুধু তিনিই নন, পুরো ইউনিটের কেউই তেমন কোনো পারিশ্রমিক নেননি চলচ্চিত্রটিতে কাজ করে। তাহলে বুঝতেই হবে সিনেমাটি কতটা আদরে আহ্লাদে বেড়ে উঠেছে। তার মান নিয়েও শংকা নেই। আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। গুণী নির্মাতা রেদোয়ান রনি তো বলেছেন সিনেমাটির মধ্যে এক ধরনের সততা আছে। একই কথা উচ্চারিত হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি কুড়ানো বাংলাদেশের নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর কণ্ঠেও। সেই সিনেমাটিই আজ থেকে প্রেক্ষাগৃহে ভিড়েছে। নিয়ামুল মুক্তা পরিচালিত ‘কাঠবিড়ালী’ সিনেমাটি আজ থেকে দেশের ১৮টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে। এরইমধ্যে এ সিনেমার গান ও ট্রেইলার দর্শকের মন জয় করেছে। সেলিম আল দীন তার গানের কথায় যে দৃশ্যকল্প এঁকেছেন, স্পর্শিয়া যেন হুবহু তেমনটাই করে দেখিয়েছেন এ সিনেমার ‘সুন্দরী কন্যা’ গানের চিত্রায়ণে। সম্প্রতি প্রকাশ হওয়া গানটির সুর করেছেন ইউসুফ হাসান অর্ক এবং সংগীতায়োজন ইমন চৌধুরীর। যে গানে কণ্ঠ দিয়েছেন বাউল গানের জনপ্রিয় শিল্পী শফি মন্ডল। আর এই গানের চিত্রায়ণে দেখা গেছে চঞ্চল চপলা অর্চিতা স্পর্শিয়াকে। গানটি অনলাইনে মুক্তির পর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রশংসিত হচ্ছেন স্পর্শিয়া। গানটির দৃশ্য ধারণ হয়েছে পাবনায়। সেখানকার গ্রামীণ পরিবেশ, মাঠ, নদী, শস্য ক্ষেতের সঙ্গে বেড়ে ওঠা একজন তরুণীর চাঞ্চল্য ও কিশোরীপনা ফুটে উঠেছে গান ভিডিওতে। নিরেট গ্রামীণ পরিবেশনা গানের কথা, সুর ও দৃশ্যধারণ একেবারে মন ছুঁয়েছে। গানটি চিলেকোঠা ফিল্মস, জাজ মাল্টিমিডিয়া ও এম রেকর্ডসের ইউটিউব চ্যানেলে প্রকাশ পায়। ‘কাঠবিড়ালী’তে স্পর্শিয়ার বিপরীতে অভিনয় করেছেন আবীর ও শাওন। চিত্রগ্রহণ করেছেন আদিত্য মনির। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শাহরিয়ার ফেরদৌস সজিব, শিল্পী সরকার অপু, হিন্দোল রায়, এ কে আজাদ সেতু, তানজিনা রহমান। পরিচালক নিয়ামুল মুক্তার নিজস্ব প্রযোজনা সংস্থা ‘চিলেকোঠা ফিল্মস’-এর ব্যানারে নির্মিত ‘কাঠবিড়ালী’ পরিবেশনার দায়িত্বে আছে জাজ মাল্টিমিডিয়া। সিনেমাটির কাহিনী লিখেছেন পরিচালক নিজে। চিত্রনাট্য করেছেন তাসনিমুল তাজ।