মুজিববর্ষে সরকার সম্ভাবনার বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেন, বাংলাদেশ এখন আর তলাবিহীন দেশ নয়, এখন সম্ভাবনার দেশ। এই মুজিববর্ষে সারা বিশ্বকে আমরা তা জানিয়ে দিতে চাই। এজন্য বিশ্বজুড়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করা হবে। ইতিমধ্যে ইউনেস্কো যৌথভাবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনে সম্মত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের কথা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিলেটে একসঙ্গে ৬০টি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণ ও সম্প্রসারণের কাজ চলছে। সিলেটের শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, যোগাযোগ প্রতিটি খাতে ব্যাপক উন্নয়ন চলছে। মন্ত্রী জানান, সিলেট-আখাউড়া রেলপথকে ডুয়েল গেজ করা হবে। তখন এই রুটে নতুন ট্রেন আনা হবে। এর আগে যে ট্রেনগুলো আছে, সেগুলোতে নতুন উন্নত বগি সংযোজন করা হচ্ছে।
সভায় পররাষ্ট্রমন্ত্রী জানান, বঙ্গবন্ধুর ১১৮টি ভাষণ তিনি সংগ্রহ করেছেন। মুজিববর্ষে এই ভাষণগুলো নিয়ে তিনি একটি বই প্রকাশ করবেন।
এর আগে পররাষ্ট্রমন্ত্রী সিলেট নগরীর হযরত শাহজালাল (রহ.) দরগাহ গেট এলাকায় ভূগর্ভস্থ বিদ্যুৎ সঞ্চালন লাইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।