ঢাকার দুই সিটি করপোরেশেন নির্বাচনে জনগণ বিএনপির মেয়র প্রার্থীদের ভোট দেওয়ার জন্য ‘পাগল হয়ে আছে’ বলে মনে করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) আয়োজিত এক সভায় তিনি এ মন্তব্য করেন।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, জনগণ আমাদের দুই প্রার্থীকে (দক্ষিণে ইশরাক হোসেন ও উত্তরে তাবিথ আউয়াল) সাপোর্ট দিচ্ছে। কারণ জনগণ এ সরকারকে আর চায় না। তারা ধানের শীষে ভোট দিতে চায়।। ধানের শীষে ভোট দেওয়ার জন্য জনগণ পাগল হয়ে আছে। আমাদের এই দুই প্রার্থী ইতিমধ্যে জনগণের মন জয় করে নিয়েছে। যার কারণে দুই প্রার্থীর গণসংযোগে বাধা সৃষ্টি করছে আওয়ামী লীগ। যাতে জনগণ ভোট দিতে কেন্দ্রে না যায়, সেই পরিস্থিতি সৃষ্টি করছে। তিনি বলেন, এখনো সময় আছে, ইভিএম বাদ দিয়ে ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করুন। বারবার যদি জনগণের অধিকার হরণ করা হয়, তাহলে জনগণ কিন্তু গণ-আন্দোলন শুরু করতে বাধ্য হবে। ’৮৯-এর মতো গণঅভ্যুত্থান ঘটাতে পারে। বিএনপির এই নেতা বলেন, এ নির্বাচন আমাদের আন্দোলনের একটি অংশ। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এবার জয় ছিনিয়ে আনতে চাই। খালেদা জিয়াকে মুক্ত করতে চাই।
আয়োজক সংগঠনের সভাপতি আবুল হাশেম রানার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অভিনেত্রী রিনা খানসহ জিসাস নেতারা।