ইভিএম হলো ‘ইলেকট্রনিক ভোট ফ্রড: রেজা কিবরিয়া

দেশের গণতন্ত্র ধ্বংস করার জন্য ইভিএমের মাধ্যমে নির্বাচন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া।

তিনি শনিবার দুপুরে চাাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীতে গণফোরামের কর্মী সমাবেশে উপস্থিত হয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এই মন্তব্য করেন।

রেজা কিবরিয়া বলেন, ইভিএম হলো ‘ইলেকট্রনিক ভোট ফ্রড (ইভিএফ)। বাংলাদেশের সকল মানুষ বুঝতে পারছে কোনো সৎ উদ্দেশ্য নিয়ে এই পদ্ধতিতে ভোটগ্রহণ করা হচ্ছে না। গণতন্ত্রকে ধ্বংস করার জন্য ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হচ্ছে।

গণফোরামের সাধারণ সম্পাদক বলেন, বিশ্বের উন্নত দেশগুলো আজ ইভিএম পদ্ধতি ব্যবহার করে দেখেছে এই পদ্ধতিতে মানুষের আসল গণতন্ত্র ধ্বংস হতে পারে। তাই তারা এই পদ্ধতিতে ভোটগ্রহণ করা থেকে বিরত থাকছে। ভোট নিয়ে মানুষের মনে কোনো আপত্তি বা সন্দেহ থাকলেও এই পদ্ধতিতে চেক করার কোনো সুযোগ থাকে না।

তিনি বলেন, দেশে আজ সাংবাদিকদের স্বাধীনতা নেই। পদে পদে অনেক বাধার সম্মুখীন হতে হচ্ছে তাদের। তাই অনেক সময় তারা মামলা-হামলার শিকার হচ্ছেন। তারপরেও তারা তাদের লেখনীর মাধ্যমে দেশের চিত্র তুলে ধরছেন।

ড. রেজা বলেন, আমরা ক্ষমতায় আসলে সাংবাদিকদের সুরক্ষার জন্য নীতি প্রণয়ন করবো। তারা আমাদের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে ডরভয়হীনভাবে লিখতে পারবেন।

চাঁদপুর জেলা গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সেলিম আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান এমপি।