বরিশালে জেএমবির দাওয়াতি শাখার সদস্য আটক

নগরীর বাংলাবাজার এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) দাওয়াতি শাখার এক সদস্যকে আটক করেছে র‌্যাব।

শনিবার দুপুরে আটক কাজী মো. আল ইমরান হোসেন (২৭) বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার সলদী এলাকার আলমগীর হোসেনের ছেলে।

র‌্যাব-৮ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মেহেন্দিগঞ্জ থেকে এসএসসি ও এইচএসসি পাস করার পর ২০০৯ সালে রাজধানীর একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করে ইমরান। সে স্থান এবং সময়ভেদে বিভিন্ন পেশা গ্রহণ করেছে। ঢাকায় লেখাপড়ার সময় শীর্ষ জেএমবি সদস্যদের সান্নিধ্যে জেএমবি কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে ছদ্মবেশে দেশের বিভিন্ন স্থানে গোপনে দাওয়াতি কাজ পরিচালনা করে আসছিল।

ইমরানের বিরুদ্ধে মামলা দায়েরসহ তার সহযোগীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।