দিনাজপুর পার্বতীপুর আঞ্চলিক মহাসড়কে ট্রাক্টরের নিচে চাপা পড়ে সিরাজুল ইসলাম (৪৭) নামের একজন ভ্যানচালক নিহত হয়েছেন। একই ঘটনায় মাসুদুর রহমান (২৫) নামে আরেক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
রবিবার সকাল সাড়ে ৭টার দিকে দিনাজপুর-পার্বতীপুর মহাসড়কের হাজীর মোড় এমএস তেল পাম্পের সামনে এই ঘটনা ঘটে।
নিহত সিরাজুল ইসলাম চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের সুকদেবপুর হঠাৎ পাড়া গ্রামের মৃত আব্দুল বাকীর ছেলে। আহত মাসুদুর রহমান চিরিরবন্দর উপজেলার মাঝাপাড়ার সাদেকুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, ভ্যানচালক সিরাজুল ইসলাম যাত্রী নিয়ে চিরিরবন্দর ঘুঘুরাতলী হতে বেলতলী যাওয়ার পথে হাজীরমোড় এলাকায় তেল পাম্পের সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা ইটবোঝাই ট্রাক্টর ভ্যানের মধ্যে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ভ্যানচালক সিরাজুল ইসলামের মৃত্যু হয় এবং গুরুতর আহত যাত্রী মাসুদুর রহমানকে চিরিরবন্দর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে চিরিরবন্দর স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করান।
ট্রাক্টরের নিচে চাপা পড়ে মৃত্যুর বিষয়টি চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার নিশ্চিত করেছেন।