জামালকে বাইরে রেখে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ

বঙ্গবন্ধু গোল্ড কাপে ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। বাঁচা-মরার ম্যাচে কোচ জেমি ডে শেষ পর্যন্ত অধিনায়ক জামাল ভূঁইয়াকে একাদশে রাখতে পারেননি। তবে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়া এই তারকা ম্যাচের স্কোয়াডে আছেন।

রবিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বিকেল ৫টায়। জামাল ভূঁইয়াসহ মোট ৪ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ।

জ্বরের কারণে খেলতে পারছেন না ইয়াসিন খান। এ ছাড়া ডিফেন্ডার রায়হান হাসান ও মিডফিল্ডার মামুনুল ইসলাম একাদশে জায়গা হারিয়েছেন। তাদের পরিবর্তে একাদশে ঢোকা চার ফুটবলার হলেন- মাহবুবুর রহমান সুফিল, বিশ্বনাথ ঘোষ, রিয়াদুল হাসান রাফি ও মানিক হোসেন মোল্লা।

গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ফিলিস্তিনের কাছে ০-২ গোলে হারে বাংলাদেশ। পরে শ্রীলঙ্কাকেও একই ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ওঠে গেছে টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফিলিস্তিন।

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচটি দুই দলের জন্যই বাঁচা-মরার। এ ম্যাচে যে দল জয় পাবে সেই দলই পাবে সেমিফাইনালের টিকিট।

‘বি’ গ্রুপে নিজেদের দুই ম্যাচের দুটিতেই জিতে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে উঠেছে বুরুন্ডি। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে জয়ী দলকে সেমিতে প্রতিপক্ষ হবে তাদের।

বাংলাদেশ একাদশ

আশরাফুল ইসলাম রানা (গোলরক্ষক), বিশ্বনাথ ঘোষ, রিয়াদুল হাসান রাফি, তপু বর্মন, রহমত মিয়া, সোহেল রানা, মাহবুবুর রহমান সুফিল, মানিক হোসেন মোল্লা, সাদ উদ্দিন, মোহাম্মদ ইব্রাহিম ও মতিন মিয়া।