ভাড়াটে সেজে শিশু অপহরণ, গ্রেপ্তার ৪

গাজীপুরে ভাড়াটে সেজে স্বর্ণালঙ্কার, টাকা-পয়সা লুট ও ১৬ মাসের এক শিশুকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। র‌্যাব জানায়, গত শনিবার সকালে নগরীর শরীফপুর এলাকার মো. আশরাফ আলীর বাড়িতে ঘটনাটি ঘটে। এ ঘটনায় ওই দিন রাতেই দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করেন র‌্যাব-১-এর সদস্যরা। গ্রেপ্তাররা হলেন মোসা. জেরিন ইশরাত জুলি (২২), তারিন নুশরাত তুলি (১৬), মো. আমিনুল ইসলাম (২৯) ও মো. সুমন (৩০) ।

র‌্যাব-১-এর অধিনায়ক লে. কর্নেল শাফী উল্লাহ বুলবুল দেশ রূপান্তরকে জানান, গত শনিবার সকালে বাসা ভাড়া নেওয়ার জন্য ভাড়াটে সেজে ওই বাড়িতে আসেন জুলি ও তার ছোট বোন তুলি। আলাপচারিতার ফাঁকে তাদের সঙ্গে নিয়ে আসা ঘুমের ওষুধ মিশ্রিত জুস কৌশলে বাড়িওয়ালা আশরাফ আলী ও তার পরিবারের সদস্যদের খাওয়ায়। এতে তারা অজ্ঞান হয়ে পড়েন। একপর্যায়ে দুই নারী প্রতারক ওই পরিবারের ১৬ মাসের শিশু শাহরিয়ার ইসলাম আরাফকে অপহরণ করে এবং বাসা থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল চুরি করে পালিয়ে যায়। দীর্ঘ সময় অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে পাশের বাসার লোকজন এসে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। বিকেলে জ্ঞান ফিরলে তারা তাদের শিশুসন্তানকে খুঁজতে থাকে। পরে অপহরণকারীরা ওই বাড়িওয়ালার মোবাইলে ফোন করে শিশুটির মুক্তিপণ হিসাবে ২০ লাখ টাকা দাবি করে।