কবে প্রিমিয়ার লিগ নিশ্চিত হতে পারে লিভারপুলের?

অপ্রতিরোধ্য লিভারপুলের অবিশ্বাস্য গতিতে এগিয়ে যাওয়ার পথে চারদিকে একটাই সুর: ইংলিশ প্রিমিয়ার লিগে ৩০ বছরের আক্ষেপ ঘোচাতে যাচ্ছে দলটি। রবিবার ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-০ গোলে হারানোর ম্যাচেও গ্যালারি জুড়ে ভেসেছে এই সুর, ‘আমরা লিগ জিততে যাচ্ছি।’

এই জয়ের পর ১৬ পয়েন্টের ব্যবধানে শীর্ষে রয়েছে লিভারপুল। দ্বিতীয় স্থানে থাকা ম্যানসিটির (৪৮ পয়েন্ট) চেয়ে এক ম্যাচ আবার কম খেলেছে তারা। এখন প্রশ্ন হলো এভাবে চলতে থাকলে ঠিক কবে নাগাদ লিভারপুল সমর্থকদের ‘বহু রাত জেগে থাকার ক্ষণ’ ফুরাবে?

লিভারপুল এখন পর্যন্ত ম্যাচপ্রতি ২.৯ পয়েন্ট নিয়ে এগিয়ে যাচ্ছে! সেখানে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটির গড় ২.০৮।

হিসাব বলছে এই ব্যবধান নিয়ে দুই দল এগিয়ে গেলে ১৪ মার্চ শিরোপা নিশ্চিত হতে পারে লিভারপুলের। সেদিন এভারটনকে হারাতে হবে তাদের।

অন্যদিকে দুই দল যদি নিজেদের সব ম্যাচে জয় পায়, তাহলে ৪ এপ্রিল ইতিহাদ স্টেডিয়ামে শিরোপা নিশ্চিত হবে লিভারপুলের। ওই ম্যাচে মাঠে নামার সময় লিভারপুলের পয়েন্ট থাকতে পারে ৯১, ম্যানসিটির ৭২।

এই সময়ের আগে লিভারপুল শিরোপা নিশ্চিত করতে পারে ২৯ ফেব্রুয়ারি। এটি করতে হলে লিভারপুলকে নিজেদের সব ম্যাচ জিততে তো হবেই; পাশাপাশি ম্যানসিটির সবগুলোতে হারতে হবে।

এই সব হিসাব-নিকাশের বাইরে শিরোপা নিয়ে নির্ভার থাকতে লিভারপুলকে পরের ১৬ ম্যাচের ১০টিতে জিততে হবে।