শ্বাসরুদ্ধকর নাটকীয়তা শেষে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বিদ্রোহী প্যানেলের ১৪ জন প্রার্থী। গত রবিবার নারায়ণগঞ্জের প্রভাবশালী সাংসদ শামীম ওসমানের সঙ্গে বৈঠকের পর সন্ধ্যার আগে মনোনয়নপত্র প্রত্যাহার করেন বিদ্রোহী প্যানেলের সভাপতি প্রার্থী ও আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দিপু ও বন্দর থানা যুবলীগের সভাপতি হাবিব আল মুজাহিদ পলুর নেতৃত্বাধীন প্যানেলের ১৪ জন প্রার্থী। এ সময় এমপি শামীম ওসমানের উপস্থিতিতে আওয়ামী লীগ মনোনীত আইনজীবী সমন্বয় পরিষদকে সমর্থন জানান তারা। তবে বিদ্রোহী প্যানেল নেতাদের সিদ্ধান্ত অমান্য করে তিনজন এখনো নির্বাচনী মাঠে রয়েছেন।
এই প্যানেলের সভাপতি প্রার্থী আনিসুর রহমান দিপু দেশ রূপান্তরকে জানান, দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী প্যানেল প্রত্যাহার করে নিয়েছেন তারা। বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের ব্যানারে প্যানেল দিয়েছিলেন আনিসুর রহমান দিপু ও হাবিব আল মুজাহিদ পলু। মনোনয়ন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচনের কমিশনার আবদুর রহিম।