সেরেনা-ভেনাসের বিপরীত যাত্রা

বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনে দাপুটে শুরু করেছেন ৩৮ বছরের সেরেনা উইলিয়ামস। প্রথম রাউন্ডে প্রতিপক্ষকে হারাতে এক ঘণ্টারও কম সময় নেন তিনি। মাত্র ৫৮ মিনিটে ৬-০, ৬-৩ এ হারিয়েছেন ১৮ বছরের রাশিয়ান আনাসতাসিয়া পোতাপোভাকে। প্রথম নারী হিসেবে গ্র্যান্ডস্ল্যামে ৩৫০ ম্যাচ জিতলেন সেরেনা। ২৩ গ্র্যান্ডস্ল্যাম শিরোপা জয়ী সেরেনা ছাড়া শুধুমাত্র রজার ফেদেরারের আছে সাড়ে ৩ শতাধিক ম্যাচ জয়ের রেকর্ড।

তবে এদিন কপাল পুড়েছে বড় বোন ভেনাস উইলিয়ামসের। স্বদেশি কোকো গফের কাছে ৭-৬, ৬-৩ এ হেরে যান ৩৯ বছর বয়সী এই খেলোয়াড়। গত বছর উইম্বলডনেও গফের কাছে হেরেছিলেন ভেনাস। প্রথম রাউন্ডে এছাড়াও জয় পেয়েছেন ওয়ার্ল্ড নম্বর ওয়ান অস্ট্রেলিয়ান অ্যাশলে বার্টি। ইউক্রেনের লেসিয়া সুরেনকোর কাছে প্রথম সেট ৫-৭ এ হারেন। পরের দুই সেটে ৬-১, ৬-১ এ জিতে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেন বার্টি। চেক প্রজাতন্ত্রের খেলোয়াড় মারি বুজকোভাকে ৬-২, ৬-৪ সেটে হারিয়েছেন আসরের বর্তমান চ্যাম্পিয়ন নাওমী ওসাকা।

এদিকে ছেলেদের বিভাগে প্রথম রাউন্ডে জয় পেয়েছেন সুইস তারকা রজার ফেদেরার ও সার্বিয়ান নোভাক জকোভিচ। যুক্তরাষ্ট্রের অবাছাই খেলোয়াড় স্টিভ জনসনকে ৬-৩, ৬-২, ৬-২ এ হারিয়েছেন ফেডেক্স। ম্যাচটি জিততে তার সময় লাগে ৮১ মিনিট। ম্যাচ শেষে ২০ গ্র্যান্ডস্ল্যাম জয়ী ফেদেরার বলেন, ‘আমি কঠোর অনুশীলন করেছি যেটা সবসময়ই করি। অনেক খুশি আমি, জয়ে মৌসুমের ভালো শুরু হলো।’ ওয়ার্ল্ড নম্বর ওয়ান জকোভিচকে প্রথম রাউন্ড পার হতে খেলতে হয়েছে চার সেট। জার্মানির জান-লেননার্ড স্ট্রুফকে ৭ (৭)-৬ (৫), ৬-২, ২-৬, ৬-১ এ হারিয়েছেন তিনি। প্রথম সেটে স্ট্রুফকে হারাতে বেগ পেতে হলেও দ্বিতীয় সেট সহজেই জিতে নেন জকো। তৃতীয় সেটে ঘুরে দাঁড়ান স্ট্রুফ। তবে পরের সেটে সহজেই জিতে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেন আসরের বর্তমান চ্যাম্পিয়ন।