রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে চুরির চেষ্টা

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার নামুড়ীতে অবস্থিত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক শাখার টিন কেটে চুরির চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার সকালে ব্যাংক খুলতে এসে ঘটনাটি নজরে আসে ব্যাংক কর্তৃপক্ষের। এ ঘটনায় আদিতমারী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

অভিযোগ ও আদিতমারী থানা পুলিশ জানায়, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক নামুড়ী শাখার কর্মকর্তা ও কর্মচারীরা প্রতিদিনের মতো সোমবারও কাজ শেষে চলে যান।

মঙ্গলবার সকালে ব্যাংকের তালা খুলতে গিয়ে তারা দেখতে পান ব্যাংকের ভেতর থেকে ছিটকিনি দিয়ে আটকানো হয়েছে।

বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা আদিতমারী থানা পুলিশে সংবাদ দেন। পরে পুলিশ এসে ব্যাংকে প্রবেশ করেন।

এ সময় তারা দেখতে পান দুর্বৃত্তরা ব্যাংকের উপরের টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে। দুর্বৃত্তরা ব্যাংক থেকে কিছু না নিলেও দু’টি টেবিলের ড্রয়ার খুলে কাগজপত্র তছনছ করেছে। তবে ব্যাংক থেকে কোনো কিছু খোয়া যায়নি।

খবর পেয়ে ব্যাংকটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নৈশপ্রহরী অসুস্থ থাকায় ব্যাংক পাহারায় ওই রাতে কেউ ছিলেন না।

ব্যাংকটির শাখা ব্যবস্থাপক রফিকুল ইসলাম জানান, ব্যাংক থেকে কোনকিছু খোয়া যায়নি। এ ঘটনায় তিনি পুলিশকে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক লালমনিরহাটের জোনাল ম্যানেজার ঘটনাস্থলে সাংবাদিকদের জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শনকালে ব্যাংকের কোনো কিছু ক্ষতি সাধন হতে দেখা যায়নি।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি আমরা গুরুত্ব সহকারে নিয়েছি। তদন্ত করে প্রকৃত ঘটনা খুব দ্রুতই উন্মোচন করা হবে বলে জানান তিনি।