দক্ষিণ আফ্রিকায় চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে মঙ্গলবার স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। পচেফস্ট্রমে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের তোপে মাত্র ৮৯ রানে গুটিয়ে গেছে স্কটল্যান্ড। হ্যাটট্রিক পেয়েছেন বাঁ-হাতি স্পিনার রকিবুল হাসান। এবারের বিশ্বকাপে যা প্রথম হ্যাটট্রিকের কীর্তি।
স্কটল্যান্ডের ইনিংসের ২৪তম ওভারে হ্যাটট্রিকের স্বাদ পান রকিবুল। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে ফেরান কিস সাজ্জাদ, লেলি রোবার্টসন ও চার্লি পিটকে। পরে আরো একটি উইকেট নেন ১৭ বছর বয়সী রকিবুল। মোট ৪ উইকেট নিয়ে বাংলাদেশের যুবাদের পক্ষে এদিন সবচেয়ে সফল বোলার রকিবুল।
যুব বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের পক্ষে এটিই অবশ্য প্রথম হ্যাটট্রিক নয়। ২০১০ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন কামরুল ইসলাম রাব্বী। যিনি এখন জাতীয় দলে খেলেন। সব মিলে হ্যাটট্রিক রয়েছে আরো বেশ কটি।
রকিবুলের হ্যাটট্রিকের আগেই অবশ্য ৫২ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল স্কটল্যান্ড। শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিবের তোপে ভেঙে যায় দলটির টপ অর্ডার। শরিফুল ও সাকিব দুজনই নিয়েছেন ২টি করে উইকেট।
গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে উড়িয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশের যুবারা। এদিন মাঠে নেমেছে টানা দ্বিতীয় জয়ের সন্ধানে।