২০৫০ সালের মধ্যে ১০ লাখ লোককে মঙ্গলে পাঠাতে চান ইলন মাস্ক মহাকাশ ভ্রমণ সংস্থা স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক। মঙ্গলে মানুষের বসতি গড়ে তোলার জোর প্রস্তুতি শুরু করেছেন তিনি।
ইন্ডিয়া টাইমস জানায়, বছরে ১০০ স্টারশিপ (যাত্রীবাহী মহাকাশযান) বানানোর পরিকল্পনা নিয়েছেন মাস্ক। সম্প্রতি মাস্কের এই পরিকল্পনা প্রকাশ করেছে স্পেসএক্স। এই স্টারশিপে চড়ে মাসে এক লাখ লোক যাবেন মঙ্গলগ্রহে। তবে অভিযানটির শুরুর সময় এখনো নিশ্চিত করা যায়নি। প্রতি ২৬ মাস পরপর পৃথিবী ও মঙ্গলগ্রহের কক্ষপথ সবচেয়ে কাছাকাছি চলে আসে। সেই সময় পৃথিবী থেকে মানুষ নিয়ে মঙ্গলে উড়ে যাবে স্টারশিপগুলো। তবে এখনো অনেক কাজ বাকি বলে জানান মাস্ক। ‘এসএন১’ নামের স্টারশিপ প্রটোটাইপ রকেটটি স্পেসএক্সের টেক্সাস কারখানায় নির্মাণাধীন রয়েছে। যদিও জ্বালানি উৎপাদন থেকে শুরু করে মঙ্গলে গিয়ে অবস্থান করার পরিকল্পনা বাস্তবায়ন নিয়েও এগোচ্ছেন মাস্ক।
স্পেসএক্সের সিইও আরও জানান, এই মহাযজ্ঞকে ঘিরে তৈরি হবে অনেক কর্মসংস্থান। এছাড়া স্বেচ্ছায় মঙ্গলে যাওয়ার জন্য বিপুলসংখ্যক মানুষও আগ্রহী। মহাকাশ ভ্রমণে যারা সচ্ছল নন, তাদের জন্যও সুযোগ রেখেছেন তিনি। সেসব মানুষকে লোন দেবে স্পেসএক্স। মাস্ক জানান, লাল গ্রহটিতে বসতিকে ঘিরে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে। সেখানে মানুষ কাজ করতে পারবেন, চাকরি করার সুযোগ পাবেন। তবে সেটি কীভাবে সম্ভব, কোন ধরনের কর্মসংস্থান গড়ে তোলা হবে, সেসব কিছুই ঠিকঠাক হয়নি এখনো। তবে মঙ্গলে পৃথিবীর মানুষের বসতি গড়ার স্বপ্নপূরণে আশাবাদী এই প্রযুক্তিপ্রেমী ধনকুবের। ইতিমধ্যে লাল গ্রহটিতে সম্ভাব্য ল্যান্ডিং সাইটের জন্য গত বছরের মার্চেই নাসার কাছে আবেদন করে রেখেছে স্পেসএক্স।