টঙ্গীতে জাতীয় পার্টিকে অবাঞ্ছিত ঘোষণা

ছাত্রলীগের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ও কুশপুত্তলিকায় আগুন দেওয়ার মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো উত্তাল ছিল শিল্পনগরী টঙ্গী।

শহীদ আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার মৃত্যুদ-প্রাপ্ত আসামি নূরুল ইসলাম দিপুকে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব করার প্রতিবাদে গতকাল বিক্ষোভ করেছে টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় টঙ্গীতে জাতীয় পার্টিকে অবাঞ্ছিত ঘোষণা করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। তারা গতকাল টঙ্গী কলেজগেট এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে নুরুল ইসলাম দিপু ও জাপা চেয়ারম্যান জিএম কাদেরের কুশপুত্তলিকায় আগুন দেন। মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে কলেজগেট এলাকায় প্রতিবাদ সভায় মিলিত হয়।

টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় এতে বক্তব্য দেন গাজীপুর নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহমেদ, কাউন্সিলর নাসিরউদ্দিন মোল্লা, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন খোকন প্রমুখ।

নেতারা বলেন, শহীদ আহসান উল্লাহ মাস্টারের খুনি ফাঁসির দ-প্রাপ্ত আসামি নুরুল ইসলাম দিপুকে জাতীয় পার্টির যুগ্ম মহাসচিবের পদ থেকে বহিষ্কার করা না হলে জাতীয় পার্টির কোনো কেন্দ্রীয়  নেতাকে টঙ্গী ও গাজীপুরে ঢুকতে দেওয়া হবে না।