ক্যান্টিনে খেতে লাগবে ছাত্রলীগের অনুমতি!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের পাঠকক্ষ (রিডিং রুম) ও ক্যান্টিনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের প্রবেশের ওপর ‘নিষেধাজ্ঞা’ জারি করেছেন হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। হলটির প্রথম বর্ষের শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রলীগের শীর্ষ নেতাদের এই নির্দেশনা অমান্য করলে মারধরের হুমকিও দেওয়া হয়েছে। অভিযোগকারীরা জানান, হল শাখা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী মিজানুর রহমান রনির অনুসারী জাপানিজ স্টাডিজ বিভাগের আরিফ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অয়ন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের হাসান, সমাজকল্যাণ বিভাগের পলাশ ও জাবেদ, পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের মাহবুব ও আকির এবং সমাজবিজ্ঞান বিভাগের তানভীর তাদের ডেকে এই নির্দেশনা দিয়েছেন। রনির এই অনুসারীরা সকলেই দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এরা প্রথম বর্ষের শিক্ষার্থীদের সপ্তাহে তিন দিন গেস্টরুমে নিয়ে বিভিন্ন নির্দেশনা দেন। সম্প্রতি তারা প্রথম বর্ষের শিক্ষার্থীদের হলের ক্যান্টিনে না খাওয়া ও রিডিং রুমে যেতে নিষেধ করেছেন। তাদের এই নির্দেশনা না মানলে মারধরের হুমকিও দিয়েছেন। 

নাম প্রকাশ না করার শর্তে প্রথম বর্ষের এক শিক্ষার্থী জানান, রিডিং রুমে যাওয়ার জন্য যখন নিষেধ করা হয় তখন গণরুমে পড়ার পরিবেশ নেই উল্লেখ করে বিকল্প জায়গার কথা জানতে চাইলে ছাত্রলীগ নেতার অনুসারীরা বলেন, ‘প্রথম বর্ষে কোনো পড়াশোনা নেই। ঘুরবি, বেড়াবি এবং রাজনীতি করবি।’

এদিকে এসব অভিযোগ অস্বীকার করে হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান রনি বলেন, ‘তাদেরকে এ ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। আমি খোঁজ নিচ্ছি, আসল ঘটনা জানার চেষ্টা করছি।’

অভিযোগের বিষয়ে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘আমরা বিষয়টি দেখব। এরকম হয়ে থাকলে আমরা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক কে এম সাইফুল ইসলাম খান। তিনি দেশ রূপান্তরকে বলেন, ছাত্রলীগ হলের অথরিটি নয়, এ ধরনের নিষেধাজ্ঞা জারির কোনো এখতিয়ার তাদের নেই। এ ব্যাপারে এখনো আমি কোনো ধরনের অভিযোগ পাইনি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।