বাংলাদেশ পুলিশ শতভাগ না হলেও বহুলাংশেই জনবান্ধব হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে নানা উদ্যোগের কারণে পুলিশ অনেকটাই জনতার হচ্ছে। শতভাগ না হলেও ধীরে ধীরে আরও সুন্দর জায়গায় আমরা যেতে পারব বলে বিশ্বাস করি। গতকাল মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত কমিটির সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।
ক্রাইম রিপোর্টাররা সুখময় পরিবেশে কাজ করেন না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের ভুলত্রুটি, অসংগতি বা কোথায়, কে অপরাধ করছে তা তুলে আনছেন আপনারা। ফলে এ কাজগুলো কোনো সুখময় পরিবেশে করা যায় না। নানা হুমকি উপেক্ষা করতে হয়। সাংবাদিকদের কাজ তাই চ্যালেঞ্জিং। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। সাংবাদিকরা তাদের জায়গা থেকে সহযোগিতা করলে দেশটা আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এর আগে, ক্র্যাবের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্র্যাবের সভাপতি আবুল খায়ের, সহ-সভাপতি মোরছালীন বাবলা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু ও যুগ্ম সম্পাদক সাখাওয়াত কাওসারসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।