বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে পাকিস্তান দলে নতুন মুখ পেসার হারিস রউফ। গতিতে হুল ফুটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক রাঙানোর বার্তা দিলেন অস্ট্রেলিয়ায় চলতি বিগ ব্যাশ টি-টোয়েন্টিতে ঝড় তোলা এই বোলার।
২০১৭ সালে পাকিস্তান সুপার লিগে উন্মুক্ত ট্রায়ালের সময় রউফের আগুনে বোলিং দেখে তাকে পাদপ্রদীপের আলোয় নিয়ে আসে লাহোর কালান্দার। দেশটির বিশ্বকাপ জয়ী পেসার আকিব জাভেদের অধীনে পরিপক্বতা অর্জন করেছেন ২৬ বছর বয়সী এই ক্রিকেটার। অস্ট্রেলিয়ায় চলতি বিগব্যাশ টি-টোয়েন্টিতে অন্যতম আলোচিত বোলার রউফ।
মেলবোর্ন স্টার্সের হয়ে ধারাবাহিকভাবে ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বল করেছেন রউফ। সাত ম্যাচে নিয়েছেন ১৬ উইকেট! বাংলাদেশের বিপক্ষেও গতিতে ঝড় তুলে অভিষেক রাঙাতে উন্মুখ তরুণ এই পেসার।
“আমার মনে হয় না, ১৪০ কিলোমিটারের অধিক গতিতে বল করতে পারা একজন বোলার অবহেলিত হতে পারে। অনুশীলনে আমি সবসময় চেষ্টা করি পেসটা ঠিকমতো ধরে রাখার জন্য। বিগ ব্যাশে আমি ১৫০ কিমি পর্যন্ত গতি তুলেছিলাম। কিন্তু এখনো সেটা নিয়ে বসে নেই। আমার লক্ষ্য থাকবে নিয়মিত ১৪০ কিমির অধিক গতিতে বল করার।”
আগে থেকেই আলোচনায় চলে আসাটা চাপ হিসেবে না নিয়ে বরং আত্মবিশ্বাসের রসদ হিসেবে নিচ্ছেন রউফ, “আমি কোনো চাপে নেই। আমি জানি, মানুষ ব্যাপারে কৌতূহলী এবং আমাকে নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা চালাবে। সত্যি বলতে এটা আমার জন্য একটা সম্মান যে মানুষ আমার ব্যাপারে ভাবছে, এটা আমাকে আরও আত্মবিশ্বাস যোগায়।”
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নিজের লক্ষ্যের কথাও জানালেন রউফ- “এই সিরিজে আমার একটি ব্যক্তিগত লক্ষ্য আছে এবং তা হলো সিরিজ সেরা বোলার হওয়া। বিগ ব্যাশে আমি ভালো খেলেছি, এখানেও সেটা ধরে রাখতে চাই।”
পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার সিরিজের প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২৪ জানুয়ারি, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। একই ভেন্যুতে বাকি দুইটি ম্যাচ হবে ২৫ ও ২৭ জানুয়ারি।