অভিযান চালিয়ে চোরাই ১৩২টি মোবাইল ফোনসহ কামরুল হাসান ওরফে রিপন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রিপন চাঁদপুরের হাজীগঞ্জ থানার কাশিমপুর এলাকার মজিবুর পাটোয়ারির ছেলে।
বুধবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় সংবাদ সম্মেলন করে ওসি কামরুল ফারুক এসব তথ্য জানান।
ওসি বলেন, গত মঙ্গলবার সন্ধ্যায় শিমরাইল মোড়ে আমিরুন্নেছা সুপার মার্কেটে অভিযান চালিয়ে চোরাই মোবাইলসহ রিপনকে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোর চক্রের আরেক সদস্য নবী হোসেন।
তিনি জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র শিমরাইল মোড় এলাকায় চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় করে আসছে। এদের বেশ কয়েকজন সদস্য রয়েছে যারা মোবাইল ছিনতাইকারী, চোর চক্রের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে রাস্তায় ছিনতাই ও বাড়ি থেকে দামি ফোন চুরি করে নিয়ে আসে। এর সূত্র ধরে পুলিশ চক্রটিকে ধরতে নজরদারি শুরু করে। নিশ্চিত হয়ে মঙ্গলবার সন্ধ্যায় আমিরুন্নেছা সুপার মার্কেটে নবীর দোকানে অভিযান চালায়। রিপন ও নবীকে আসামি করে মামলা হয়েছে জানিয়ে ওসি আরও বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।