গৃহবধূকে নগ্ন করে নির্যাতন, ৯৯৯ এ ফোন দিয়ে উদ্ধার

ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগরে পারিবারিক বিরোধের জের ধরে এক গৃহবধূকে নগ্ন করে প্রকাশ্যে রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। টাকা চুরির অভিযোগে নির্যাতন চলাকালে ওই নারীর স্বামী জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে সহায়তা চাইলে পুলিশ তাকে উদ্ধার করে নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

গত রবিবার বিকালে শ্যামগ্রাম ইউনিয়নের নোয়াগ্রামে এ ঘটনা ঘটে। পরদিন সোমবার নির্যাতিত নারীর স্বামী বাদী হয়ে একটি মামলা করেন। তবে বুধবার পর্যন্ত কোনো আসামিকে ধরতে পারেনি পুলিশ।

মামলার এজাহারে বলা হয়, নোয়াগ্রামের বাসিন্দা নির্যাতিত ওই গৃহবধূকে রবিবার বিকেলে প্রতিবেশী শরীফ ডাক্তারের বাড়িতে ডেকে নেওয়া হয়। সেখানে শরীফ ডাক্তারের স্ত্রী সীমা আক্তার এবং তার দেবর শাহেদ সরকার পাঁচ লাখ টাকা চুরির অপবাদ দিয়ে গৃহবধূর ওপর হামলা চালায়। এক পর্যায়ে তাকে নগ্ন করে রড ও কাচের বোতল দিয়ে পেটানো হয়। নির্যাতনের মুখে গৃহবধূ কয়েকবার চেতনা হারিয়ে ফেলেন। নির্যাতনকারীরা চোখে-মুখে পানি ছিটিয়ে চেতনা ফিরিয়ে পুনরায় তাকে মারধর করতে থাকে। এক পর্যায়ে গৃহবধূর চিৎকার শুনে তার স্বামী জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করেন। পরে নবীনগর থানার এএসআই মো. আশরাফ উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নির্যাতিত গৃহবধূকে উদ্ধার করে নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

নির্যাতিত গৃহবধূর স্বামী গতকাল দেশ রূপান্তরকে বলেন, ‘শরীফ ডাক্তার ও তার ভাইদের সঙ্গে দীর্ঘদিন ধরে আমাদের পারিবারিক বিরোধ চলছে। এছাড়া শরীফ ডাক্তারের ভাই সাহেদ সরকার আমার স্ত্রীকে প্রায়ই কু-প্রস্তাব দিত। কিন্তু এতে আমার স্ত্রী রাজি না হওয়ায় পরিকল্পিতভাবে বাড়িতে ডেকে নিয়ে চুরির অপবাদ দিয়ে এই অমানবিক নির্যাতন চালানো হয়। মামলার পরও আসামিরা প্রকাশ্যে ঘুরছে।’

অন্যদিকে নির্যাতিত গৃহবধূকে উদ্ধার করা পুলিশের এএসআই আশরাফ উদ্দিন বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়ে মুমূর্ষ অবস্থায় গৃহবধূকে উদ্ধার করি। পাঁচ লাখ টাকা চুরি করায় শরীফ ডাক্তারের বাড়ির লোকজন তাকে মারধর করেছেন বলে নির্যাতনকারীরা আমার কাছে অভিযোগ করেন। সেখানে শরীফ ডাক্তার গৃহবধূর কাছ থেকে উদ্ধারকৃত চুরির তিন লাখ টাকা আমাকে এনে দিলে আমি সেই টাকা জব্দ করে থানায় নিয়ে আসি।’

এ ব্যাপারে জানতে ব্রা‏হ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মেহেদী হাসান দেশ রূপান্তরকে বলেন, ‘ঘটনাটি শুধু নির্মমই নয়, একেবারেই অমানবিক। চুরির জন্য হলেও কেউ এমন বর্বর নির্যাতন চালাতে পারে না। এ ঘটনায় সোমবার রাতেই মামলা নেওয়া হয়েছে। কোনো মীমাংসা নয়, শিগগিরই অপরাধীদের গ্রেপ্তার করা হবে।’