সড়কে প্রাণ গেল ৮ জনের

লক্ষ্মীপুরের আঞ্চলিক সড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল এক স্কুলছাত্রের। গতকাল বুধবার দুপুরে সদর উপজেলার মান্দারী পূর্ব বাজারসংলগ্ন ঢাকা-রায়পুর সড়কে দুর্ঘটনায় নিশান আহমেদ ফারুক (৯) নামে ওই স্কুলছাত্রের মৃত্যু হয়। ফারুক উপজেলার মটবী গ্রামের প্রবাসী আবু ছিদ্দিকের ছেলে। স্থানীয় উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল সে।

দুর্ঘটনার প্রতিবাদ ও বিচার দাবিতে প্রায় ঘণ্টাব্যাপী ঢাকা-রায়পুর সড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় দায়ী সেই পিকআপ ভ্যান ও চালককে আটকের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি পিকআপ ভ্যান স্কুলছাত্র ফারুককে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পিকআপ ভ্যানটি লক্ষ্মীপুর থেকে চন্দ্রগঞ্জের দিকে যাচ্ছিল।

চন্দ্রগঞ্জ থানার ওসি জসিম উদ্দিন দেশ রূপান্তরকে জানান, নিহত স্কুলছাত্রের মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঢাকা-রায়পুর সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। অভিযুক্ত চালক ও গাড়িটি আটকে অভিযান চলছে।

এদিকে গত মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গাজীপুরে ট্রাকের ধাক্কায় ১ শিশু নিহত হয়েছে। টাঙ্গাইলে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহতসহ ১০ জন আহত হয়েছেন। সিলেটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক তরুণের মৃত্যু হয়েছে। উখিয়ায় গাড়িচাপায় এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে :

গাজীপুরে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু : গাজীপুরের কাশিমপুরে ট্রাকের ধাক্কায় হৃদয় (১১) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টার দিকে বাগবাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। হৃদয় তার পরিবারের সঙ্গে ওই এলাকায় বাস করত। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব।

কাশিমপুর থানার ওসি মো. আকবর আলী খান জানান, সড়ক পার হওয়ার সময় একটি ট্রাক হৃদয়কে ধাক্কা দেয়। এতে সে ঘটনাস্থলই মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের পরিবারের আবেদেনর পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি হস্তান্তর করা হয়।

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিতহ ২ : টাঙ্গাইলে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। গতকাল বুধবার ভোরে কালিহাতীর ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ও সকাল সাড়ে ৭টার দিকে বঙ্গবন্ধু সেতুর টোলপ্লাজাসংলগ্ন এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি কাজী আইয়ুবুর রহমান জানান, ঘন কুয়াশার কারণে কালিহাতীর কামাক্ষামোড় এলাকায় দুটি ট্রাক ও একটি বাসের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ট্রাকের হেলপার ইমন ঘটনাস্থলেই মারা যায়। ইমন ভূঞাপুর উপজেলার কুকাদাইর গ্রামের শাহাদত হোসেনের ছেলে। এতে আহত হন অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের টোলপ্লাজাসংলগ্ন এলাকায় উত্তরবঙ্গগামী একটি বাস অপর একটি ট্রাককে ওভারটেক করতে গেলে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায়। তবে তার নাম-পরিচয় যানা যায়নি।

সিলেটে ট্রাকচাপায় প্রাণ গেল তরুণের : সিলেটের চৌহাট্টায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক তরুণের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুজন। গত মঙ্গলবার রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমতিয়াজ মাহবুব রশীদ অর্জুন (১৮) নগরীর পুরাতন মেডিকেল এলাকার মাহবুব রশীদের ছেলে।

সিলেট কোতোয়ালি থানার ওসি সেলিম মিয়া জানান, দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলযোগে শহরের নয়াসড়ক থেকে বাসায় ফিরছিল ইমতিয়াজ। নগরীর চৌহাট্টা এলাকায় পৌঁছালে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে আরোহী তিনজন ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় ওসমানী হাসপাতালে নেওয়ার পথে ইমতিয়াজ মাহবুবের মৃত্যু হয়। আহত আকাশ দাস (১৮) ও সানি রায় (১৯) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ময়নাতদন্ত শেষে ইমতিয়াজের লাশ তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

 

উখিয়ায় গাড়িচাপায় রোহিঙ্গা শিশুর মৃত্যু : কক্সবাজারের উখিয়ায় গতকাল বুধবার বেলা১১টার দিকে এনজিও সংস্থা ওয়ার্ল্ড ভিশনের গাড়ির ধাক্কায় এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। নিহত নাজমুল হাসান (৩) জামতলী রোহিঙ্গা ক্যাম্পের সৈয়দ আমিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ওই গাড়ির চাপায় গুরুতর আহত হয় শিশুটি। পরে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। উখিয়া থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেন।

 

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রহনপুর-আড্ডা সড়কের রহনপুর মাদ্রাসা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নওগাঁর পোরশা উপজেলার জুয়েল পাইলা গ্রামের আইউব আলীর ছেলে হাবিবুর (৩৮) ও সাইফুল ইসলামের ছেলে মোজাহার (৩৫)।

গোমস্তাপুর থানার ওসি জসিম উদ্দীন জানান, হাবিবুর ও মোজাহার মোটরসাইকেলযোগে রহনপুর আসার পথে মাদ্রাসা মোড়ের কাছে আড্ডাগামী একটি চালবাহী ট্রাককে ওভারটেক করার সময় ট্রাকের নিচে পড়ে যায়। এতে দুজন গুরুতর আহত হয়। ফায়ার সার্ভিসের একটি দল ও স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুজন মারা যান।