হত্যাচেষ্টার অভিযোগ তুলে আ. লীগ নেতার বিরুদ্ধে জিডি বাবার

পাবনায় আওয়ামী লীগ নেতা খ ম হাসান কবীর আরিফের বিরুদ্ধে একাধিকবার হত্যাচেষ্টার অভিযোগ তুলে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন তার বাবা খন্দকার আব্দুল মান্নান।

সাধারণ ডায়েরিতে তিনি ছেলের লাইসেন্স করা পিস্তলও জব্দ করার আবেদন করেছেন।

গত ১৩ জানুয়ারি পাবনা সদর থানায় তিনি এ লিখিত অভিযোগ দায়ের করেন। খ ম হাসান কবীর আরিফ পাবনা জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি। তার বাবা আব্দুল মান্নান পাবনার স্বনামধন্য পরিবহন ব্যবসায়ী এবং আরিফ পরিবহনের মালিক।

লিখিত অভিযোগে খন্দকার আব্দুল মান্নান জানান, তার ছেলে খন্দকার হাসান কবীর আরিফ সব সময় তার সঙ্গে খারাপ আচরণ করেন। তুচ্ছ কারণে গায়ে হাত তোলেন এবং হত্যার হুমকি দেন। ইতিপূর্বে আরিফ তাকে গলাটিপে হত্যার চেষ্টা করলে প্রতিবেশীরা এসে রক্ষা করেন।

আব্দুল মান্নান আরও অভিযোগ করেন, ক্ষমতার দম্ভ দেখিয়ে আরিফ কথায় কথায় তার সঙ্গে দুর্ব্যবহার করেন এবং লাইসেন্স করা পিস্তল দিয়ে হত্যার ভয় দেখায়। ইতিপূর্বে সে আমার মালিকানাধীন একাধিক পরিবহনের কাচ ভাঙচুর করে বহু টাকার আর্থিক ক্ষতিও সাধন করেছে।

জীবনের নিরাপত্তায় আব্দুল মান্নান পুলিশের সহযোগিতা চেয়েছেন।

তিনি অভিযোগ করেন, আরিফের ভয়ে তিনি বাড়ি থেকে বের হতে পারেন না। তার স্বাভাবিক চলাফেরাও বন্ধ হয়ে গেছে। নিরাপত্তাহীনতা ও মানসিকভাবে প্রচণ্ড চাপে প্রায়ই অসুস্থ হয়ে পড়ছেন। এ পরিস্থিতিতে আরিফের লাইসেন্স করা পিস্তল জব্দ করতেও পুলিশের কাছে আবেদন করেছেন তিনি।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ সাধারণ ডায়েরি দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ বিষয়ে তদন্তের জন্য আদালতের অনুমতি চাওয়া হয়েছে। আদালতের নির্দেশনা অনুসারে অস্ত্র জব্দের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

জিডির অভিযোগ প্রসঙ্গে খ.ম. হাসান কবীরের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার বাবার বয়স প্রায় নব্বই বছর। তার পক্ষে এমন জিডি করা সম্ভব নয়। হয়তো কেউ তাকে বিভ্রান্ত করে সাক্ষর করিয়ে নিয়েছে।

সাধারণ ডায়েরিতে তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা বলে দাবিও করেন তিনি।