সিজারের সেরা কোচ মরিনহো, সেরা ফুটবলার রোনালদিনহো

আগের দিন ঢাকায় পা রেখে বৃহস্পতিবার ব্যস্ত সময় পার করলেন ব্রাজিলের সাবেক তারকা গোলরক্ষক জুলিয়াস সিজার। এর মধ্যে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে অনেক প্রসঙ্গেই কথা বললেন বঙ্গবন্ধু গোল্ডকাপের শুভেচ্ছা দূত। নিজের চোখে সেরা কোচ ও ফুটবলার কে জানালেন সেটাও!

সিজার জানান, “আমার শ্রেষ্ঠ সময়টা মরিনহোর সঙ্গে কাটিয়েছি। তিনি একজন অসাধারণ কোচ। বিশ্বের সেরা। আমার সময়ের সেরা ফুটবলার কে বলতে গেলে অনেক ভাবতে হবে। রোনাল্ডো, রোনালদিনহো কিংবা জিনেদিন জিদানরা প্রত্যেকেই নিজেদের জায়গায় সেরা ছিলেন। তবে আমার কাছে মনে হয় রোনালদিনহো সবচেয়ে আলাদা ছিলেন। সত্যিকারের জিনিয়াস ছিলেন।”

তবে মেসি-রোনালদোর মধ্যে কাউকে এগিয়ে রাখেননি সিজার। জানালেন দুজনই নিজেদের স্থানে সেরা।

“মেসি ও রোনালদো দুজনকেই আমি পছন্দ করি। তাদের পারফরম্যান্স অবিশ্বাস্য। গত ১০ বছর ধরে তারা এক তাল-লয়ে খেলে আসছে। এটা সহজ নয়। কোনও সময় মেসি এগিয়ে থাকে তো আবার কোনও সময় রোনালদো। এমনটি চলে আসছে। তাদের কারণে পুরো ফুটবলই উপভোগ্য হয়ে আসছে।”

ব্রাজিলিয়ান এই ফুটবলার ক্লাব ফুটবলে সেরা সময় কাটান ২০০৯-১০ মৌসুমে। ওই বছর ইন্টার মিলানের হয়ে ট্রেবল জয়ের স্মৃতি স্মরণ করেন সিজার। সেবার চ্যাম্পিয়ন্স লিগ, সিরি আ ও ইতালিয়ান কাপ জিতেছিল ইন্টার।

২০১৪ সালের বিশ্বকাপের সেমি-ফাইনালে ঘরের মাঠে জার্মানির কাছে ৭-১ গোলে হারের প্রসঙ্গটি তুলতেই সিজার বললেন, “হারের পর ড্রেসিং রুমের অবস্থা খুবই খারাপ ছিল। কেউই কথা বলছিল না। একদমই চুপ হয়ে গিয়েছিল সবাই। অনেকেই কাঁদছিল। আমি কাঁদছিলাম অঝোরে। এমনকি সান্ত্বনা দেওয়ারও কেউ ছিল না।”