প্রকাশ্যে ধর্ষকের ফাঁসি চাইলেন কঙ্গনা

ধর্ষকদের লোকচক্ষুর আড়ালে নয়, রাস্তায় মানুষের চোখের সামনে ফাঁসি দেওয়ার দাবি জানালেন বলিউডের মেধাবী অভিনেত্রী কঙ্গনা রানৌত। ভারতে বছর সাতেক আগে চলন্ত বাসে মেডিকেল কলেজের ছাত্রী নির্ভয়াকে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যার মামলায় রায় সম্প্রতি ঘোষণা করেছে দিল্লির পাতিয়ালা হাউজ কোর্ট। দোষীদের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করেছে কোর্ট। বিষয়টি নিয়ে ধর্ষকদের প্রতি এভাবে ক্ষোভ জানিয়েছেন অভিনেত্রী। আজ মুক্তি পাচ্ছে কঙ্গনার সিনেমা ‘পাঙ্গা’। এ সিনেমার প্রচারে সাংবাদিকদের সামনে হাজির হন বলিউড কুইন। তখন নির্ভয়ার ধর্ষকদের ফাঁসির প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে অভিনেত্রী প্রতিক্রিয়া জানান। শুধু তাই নয়, ধর্ষণের পর যে নিজেকে নাবালক বলে দাবি করছে, তাকেও ফাঁসি দেওয়া উচিত বলে মনে করেন কঙ্গনা।

সম্প্রতি বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে কথা বলছেন কঙ্গনা। কখনো দীপিকা পাড়–কোন কেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হাজির হয়ে ‘টুকরে টুকরে গ্যাঙ’র পাশে দাঁড়িয়েছেন বলে প্রশ্ন তোলেন কঙ্গনা। আবার কখনো সাইফ আলি খানের ভারত নিয়ে মন্তব্যের পর ফুঁসে ওঠেন তিনি। ব্রিটিশদের আগে ভারত না থাকলে মহাভারত কোথা থেকে এলো বলে প্রশ্ন তোলেন কঙ্গনা।