ঢাকা উত্তর সিটির ৫৪টি ওয়ার্ডের প্রায় ৩২৫ কিলোমিটারের বেশি পথ হেঁটে গণসংযোগে ব্যাপক সাড়া পাওয়ার দাবি জানিয়ে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, প্রচারের সময় জনগণের কাছে গিয়েছি। গণসংযোগে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। এ কারণে প্রতিপক্ষরা গণজোয়ার দেখে হামলা করছে। এতে কাউন্সিলর প্রার্থীও আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রায়ের বাজার প্রেমতলা এলাকায় পথসভায় তিনি এসব কথা বলেন।
তাবিথ বলেন, সরকারদলীয় সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে বারবার হামলার চেষ্টা চালাচ্ছে।
এ অবস্থায় জনগণকে ভোটের মাধ্যমে এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের জবাব দিতে হবে। নির্বাচন কমিশনের (ইসি) উদ্দেশে বিএনপির এই মেয়র প্রার্থী বলেন, নির্বাচনী শৃঙ্খলা বজায় রাখতে ইসি পদক্ষেপ নেবে বলে জনগণ আশা করে। জনগণ ইসির আশ্বাস নয়, দৃশ্যমান পদক্ষেপ দেখতে চায়।
পথসভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক (ভিসি) ড. এমাজউদ্দীন আহমদ তরুণদের আহ্বান জানিয়ে বলেন, এখন তরুণদেরই সময়। তাদের যোগ্য নেতা বেছে নিতে হবে। বিএনপি তাবিথ আউয়ালকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন করেছে। এ অবস্থায় তরুণদের তরুণ প্রতিনিধি বেছে নিতে হবে। তিনি বলেন, আমরা যে জন্য দেশ স্বাধীন করেছি তা এখন হারিয়ে গেছে। কথা বলার অধিকার নেই। স্বাধীনভাবে চলাচলের অধিকার নেই। কথা বলার অধিকার আদায় করতে হবে। আর অধিকার আদায় করতে হলে আমার সন্তানতুল্য তাবিথ আউয়াল আমাদের যে দায়িত্ব নিতে চাচ্ছে তা পালনে তার জন্য ভোটারদের সুযোগ দিতে হবে। এছাড়া ধানের শীষের বিজয় হলে কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির পথ ত্বরান্বিত হবে।
তাবিথ রায়ের বাজার প্রেমতলা থেকে গণসংযোগ শুরু করে পর্যায়ক্রমে ৩১, ৩৩, ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর পক্ষে গণসংযোগ করেন। এরপর মোহাম্মাদপুর টাউন হল মাঠের সামনে পথসভা শেষে মোহাম্মদপুর জাফরাবাদ, পশ্চিম ধানম-ি, শংকর, ধানম-ির কচিকাচা কণ্ঠ, শেরেবাংলা রোড, শংকর পাঠশালা গলি, মধু বাজার, আবুল হাসেম খান, সাদেক খান সড়ক, মেরিস্টেপ, কাটাসুর, মোহাম্মাদপুর বাসস্ট্যান্ড এলাকায় প্রচার চালান। এরপর তিনি মহাখালীর গণস্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে সংক্ষিপ্ত পথ সভা করেন। সভায় ২০ নম্বর ওয়ার্ড বিএনপির কাউন্সিলর প্রার্থী মিজানুর রহমান বাচ্চু ও তার নিজের পক্ষে ভোট চান তাবিথ। এ সময় সিটি নির্বাচনের দিনকে পরিবর্তনের দিন উল্লেখ করে তাবিথ বলেন, ‘আমরা বিশ্বাস করি, মানুষ পরিবর্তন চায়। ১ ফেব্রুয়ারি পরিবর্তনের দিন। আশা করি, মানুষ ধানের শীষে ভোট দিয়ে তাদের ভাগ্য পরিবর্তন করবেন।’ এরপর সেখান থেকে গণসংযোগ শুরু করে সাততলা বস্তিতে যান তাবিথ।