বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমান ও দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর পঞ্চম মৃত্যুবার্ষিকী নানা কর্মসূচির মাধ্যমে পালন করেছে দলটি। দিবসটি উপলক্ষে গতকাল শুক্রবার রাজধানীর বনানীতে কোকোর কবর জিয়ারত করেন বিএনপি নেতাকর্মীরা। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিকেলে বাদ আসর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পৃথক দোয়া মাহফিল হয়। কোকোর
মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ ছাড়া সারা দেশে বিএনপি দোয়া ও আলোচনা সভা করেছে বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা।
রাজধানীর নয়াপল্টনে দোয়া মাহফিলে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকোকে কিছু মিডিয়া কলঙ্কিত করেছে। তিনি বলেন, তারেক রহমান ও কোকো পিতা-মাতার স্নেহ থেকে বঞ্চিত হয়েছেন। তাদের তো নষ্ট হওয়ার কথা। কিন্তু তারা তো নষ্ট হয়নি। তাদের কলঙ্কিত করেছে কিছু মিডিয়া, যারা জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে। বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে গয়েশ্বর বলেন, অত্যাচার, নির্যাতন ও নিষ্ঠুরতা আসবে। তার মোকাবিলা করে যদি আমরা রাজপথে না থাকি তাহলে দেশের মানুষ হতাশ হবে। দেশের মানুষ আমাদের ওপর অভিমান করবে।
এ সময় বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ইকবাল হাসান মাহমুদ টুকু, আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, রুহুল কবির রিজভী, হাবিব-উন-নবী খান সোহেল, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন প্রমুখ।
কোকো ও আনিসুলের কবর জিয়ারত বিএনপির দুই প্রার্থীর
ঢাকা সিটি নির্বাচনে বিএনপির দুই মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন গতকাল শুক্রবার সকালে বনানী কবরস্থানে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন। পরে তারা সেখানে ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আনিসুল হকের কবরও জিয়ারত করেন, যিনি গত নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে মেয়র নির্বাচিত হয়েছিলেন।
অবিভক্ত ঢাকার শেষ মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক এবার দক্ষিণ সিটির মেয়র পদে ধানের শীষের প্রার্থী। আর বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ নির্বাচন করছেন উত্তর সিটিতে। ২০১৫ সালের নির্বাচনে তিনি ছিলেন আনিসুল হকের প্রতিদ্বন্দ্বী।
প্রয়াত মেয়রের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর তার আত্মার মাগফিরাত কামনায় মোনাজাতেও অংশ নেন বিএনপির দুই প্রার্থী। বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানী, আবদুল আউয়াল খান, মোরতাজুল করীম বাদরু এ সময় উপস্থিত ছিলেন।
ঢাকা সিটি করপোরেশন দুই ভাগ হওয়ার পর ২০১৫ সালে প্রথম নির্বাচনে উত্তরের মেয়র পদে চমক দেখান ব্যবসা থেকে রাজনীতিতে আসা আনিসুল হক। ভোটের দিন দুপুরে কারচুপির অভিযোগ তুলে সেই নির্বাচন বর্জন করেন তাবিথ। মেয়র হওয়ার পর ২০১৭ সালের ৩০ নভেম্বর যুক্তরাজ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনিসুল। এরপর উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মেয়র হন আরেক ব্যবসায়ী আতিকুল ইসলাম। বিএনপি ওই নির্বাচনে প্রার্থী দেয়নি।
বনানী কবরস্থানে তাবিথ তার নানা শাহজাহান ভূঁইয়া, নানি সালমা বেগম ভূঁইয়া, মামা ইশতিয়াক ফারুক ও মামি ফাহমিদা ফারুকের কবরও জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে বিএনপির দুই প্রার্থী যার যার নির্বাচনী এলাকায় ভোটের প্রচারে বেরিয়ে পড়েন।