ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, আধুনিক ঢাকার জন্য নৌকার কোনো বিকল্প নেই। কারণ নৌকার কোনো ব্যাক গিয়ার নেই আছে শুধু ফ্রন্ট গিয়ার।
গতকাল শুক্রবার রাজধানীর গুলশান ক্লাবে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত ‘শান্তি ও সমৃদ্ধির পথে’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আতিকুল বলেন, শহরে নানাবিধ সমস্যা। জলজট, যানজট, শব্দদূষণ, বায়ুদূষণ। সবকিছুতেই চ্যালেঞ্জ আছে। তবে শুরু তো করতে হবে। আমি কথা দিতে পারি বিজয়ী হলে শুরুও করব, শেষও করব। তিনি বলেন, ভোটের বাকি মাত্র এক সপ্তাহ। তাই আপনারা একটি মিনিটও নষ্ট না করে ভোটারদের কাছে যান। কারণ ভোটাররা যদি ভোটকেন্দ্রে আসে তবে নৌকার বিজয় হবেই হবে। উত্তর সিটির সাবেক এ মেয়র বলেন, ‘আমি হোল্ডিং ট্যাক্স অটোমেশন পদ্ধতি আনার জন্য যখন কাজ শুরু করি, তখন রশিদ নামের একজন স্টাফ আমাকে এসে বললেন অটোমেশন করা যাবে না। কেন করা যাবে না তার কাছে জানতে চাইলে বলেন যুগ যুগ ধরে চলে আসছে। পরে দেখলাম সেই রশিদ হোল্ডিং ট্যাক্স তুলে অর্ধেক সরকারি কোষাগারে জমা করেন বাকিটা তার নিজের পকেটে ভরেন। একজন চতুর্থ শ্রেণির কর্মচারী ঢাকায় তার চারটা বাড়ি। এজন্য বলি আকাশে যত তারা সিটি করপোরেশনের তত ধারা। তিনি বলেন, আমি ৪০টা মেশিন দিয়ে ব্যবসার যাত্রা শুরু করেছিলাম। এখন সেখানে বিপুলসংখ্যক শ্রমিক কাজ করে। কাজেই আমি জানি কীভাবে শুরু করতে হয়। ব্যবসায় যেমন জানতে পেরেছি নাথিং ইজ ইমপসিবল। তাই সিটি করপোরেশনেও বলতে চাই ‘নাথিং ইজ ইমপসিবল ইন সিটি করপোরেশন’। সবাই এক থাকলে সমাধান সম্ভব। তিনি আরও বলেন, নৌকা মার্কায় ভোট দিয়ে আপনারা আমাকে জয়যুক্ত করুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। আমি কথা দিতে পারি বিজয়ী হলে সিটি করপোরেশনে ব্যবসায়ীরা কখনো হয়রানির শিকার হবেন না। ব্যবসায়ীদের জন্য সিটি করপোরেশনের দরজা যেমন সবসময় খোলা থাকবে তেমনি আমার বাসার দরজাও খোলা থাকবে।