পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এক ম্যাচ হাতে থাকতেই হাতছাড়া বাংলাদেশের। টানা দুই ম্যাচ বাংলাদেশ হারল ঠিক একই ভাবে। যেখানে ফুটে উঠল নিজেদের ব্যাটিং দীনতা। তবে সব হারিয়ে মাহমুদউল্লাহ রিয়াদ এখন সান্ত্বনার খুঁজে। শেষ ম্যাচটা জেতার তাগিদ অনুভব করছেন বাংলাদেশ অধিনায়ক। আর সে জন্য আক্রমণাত্মক ক্রিকেট খেলার কথাই বলে গেলেন শনিবারের ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে।
এদিন লাহোরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ হেরেছে ৯ উইকেটে। আগে ব্যাট করে ৬ উইকেটে ১৩৬ রানের বেশি করতে পারেনি টাইগাররা। সর্বোচ্চ ৬৫ রান আসে তামিম ইকবালের ব্যাট থেকে। অন্যরা কেউ সেভাবে জ্বলে উঠতে পারেনি। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান এসেছে আফিফ হোসেন ধ্রুবর ব্যাট থেকে।
বাংলাদেশের দেওয়া ছোট্ট লক্ষ্যটা বাবর আজম ও মোহাম্মদ হাফিজের ফিফটিতে সহজেই পেরিয়ে যায় পাকিস্তান। এই হারের জন্য মাহমুদউল্লাহ কাঠগড়ায় তুললেন ব্যাটসম্যানদের, ‘ম্যাচ এবং সিরিজ হার হতাশার। ব্যাটিংয়ে আমরা নিজেদের মেলে ধরতে পারিনি। উইকেট ব্যাটিং সহায়ক ছিল। কিন্তু তামিম ছাড়া কেউ ভালো করতে পারিনি।’
আগের ম্যাচেও বাংলাদেশ আগে ব্যাট করে আটকে গিয়েছিল মাত্র ১৪১ রানে। এদিন করল আরো ৫ রান কম। মাহমুদউল্লাহ মনে করেন, ‘১৫০-১৬০ রান করা উচিত ছিল। সেটাই আমাদের উদ্দেশ্য ছিল। এবং যা করতে পারলে জেতা সম্ভব ছিল বলে মনে করি।’
তবে নিজেদের ব্যাটিং ব্যর্থতার জন্য পাকিস্তানের বোলারদের বেশি কৃতিত্ব দিলেন মাহমুদউল্লাহ, ‘পাকিস্তান বোলারদের কৃতিত্ব দিতে হবে। সঠিক লাইন, লেংথে তারা বল করে গেছে। আমরা ভালোভাবে শেষ করতে পারিনি।’
সোমবার একই ভেন্যুতে শেষ ম্যাচ। কী ভাবছেন মাহমুদউল্লাহ? ম্যাচটাতে জয়ের প্রত্যাশার কথাই বললেন বাংলাদেশ অধিনায়ক। আর সেটির জন্য যে আক্রমণাত্মক খেলতে হবে বললেন সেটিও, ‘শেষ খেলাটা কী পরিকল্পনা নিয়ে খেলব সেটা এখনই বলতে পারছি না। আমরা কিছু তরুণদের খেলাতে পারি। আমার মনে হয় আমাদের কঠোরভাবে ফিরে আসা দরকার। আক্রমণাত্মক খেলে জেতা দরকার।’