আতিথেয়তায় খুশি হলেও উইকেট নিয়ে অসন্তুষ্ট ডমিঙ্গো

বাংলাদেশ দল পাকিস্তানে পা রেখেই বলে দিয়েছিল এখন শুধু ক্রিকেট নিয়েই ভাবতে চায় তারা। নিরাপত্তা বিষয়টি মাথায় আনতে চায় না। আসলে কিন্তু তা হয়নি। নিরাপত্তা প্রসঙ্গ আসছে ঘুরে ফিরে। শনিবার লাহোরে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি শেষে সংবাদ সম্মেলনেও যেমন রাসেল ডমিঙ্গোকে নিরাপত্তা বিষয়ে কথা বলতে হলো।

বাংলাদেশ কোচ পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা ও আতিথেয়তা নিয়ে যথেষ্ট গুনগানই গাইলেন। তবে উইকেট নিয়ে অসন্তুষ্টি লুকাননি তামিম-মাহমুদউল্লাহদের দক্ষিণ আফ্রিকান কোচ।

সংবাদ সম্মেলনে ডমিঙ্গো এভাবে বললেন, ‘আমি খুবই উপভোগ করছি। পাকিস্তানে এটি আমার প্রথম সফর এবং এটা অসাধারণ। দর্শকরাও অসাধারণ। তবে উইকেট ভালো হয়নি।’ এ ক্ষেত্রে পাকিস্তানে দলের প্রশংসাও অবশ্য করলেন, ‘আমরা দুর্দান্ত পাকিস্তান দলের বিপক্ষে খেলছি।’

শুক্রবার প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেটে হারে বাংলাদেশ। শনিবার হেরেছে আরো বাজে ভাবে। ৯ উইকেটের হারে এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ হেরেছে টাইগাররা।

প্রথম ম্যাচে আগে ব্যাটিং করে ৫ উইকেটে ১৪১ রান তুলতে পারে বাংলাদেশ। ম্যাচের পর উইকেট নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এমনকি পাকিস্তানের সাবেক ক্রিকেটাররাও সমালোচনা করেছিলেন উইকেটের।

শনিবার বাংলাদেশ দল আগে ব্যাট করে ৬ উইকেটে ১৩৬ রান করতে পেরেছিল। ১৩৭ রান তাড়া করতে নামা পাকিস্তানের খেলা দেখে অবশ্য এদিন উইকেট খুব কঠিন কিছু মনে হয়নি।

ডমিঙ্গো এ ক্ষেত্রে পাকিস্তান দলের প্রশংসা করে গেলেন, ‘আমরা জানি পাকিস্তান রান তাড়ার ক্ষেত্রে কতটা দুর্দান্ত। যদি আমরা তাদের রেকর্ড দেখি, তবে দেখব তারা দুর্দান্ত এটা দল। বিশেষ করে রান তাড়ায়।’

ডমিঙ্গো যোগ করেন, ‘আমরা ভেবেছিলাম চেষ্টা করব এবং বোর্ডে ভালো রান জমা করব। এরপর দ্বিতীয় ইনিংসে চাপ তৈরি করব। কিন্তু আমাদের পরিকল্পনা মোটেও সফল হয়নি।’

সোমবার একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।