বিএনপি ও দলটির প্রার্থীরা উন্নয়ন পরিকল্পনা নয় বরং জাতীয় রাজনীতির অংশ হিসেবে বিভিন্ন ধরনের অভিযোগ নিয়ে ব্যস্ত বলে মনে করছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস। গতকাল শনিবার রাজধানীর বাবুবাজার সেতুর নিচে থেকে গণসংযোগ শুরুর আগের পথসভায় এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
শেখ তাপস বলেন, ‘আমরা গণসংযোগ করছি। বিপুল নেতাকর্মীসহ আমরা দ্বারে দ্বারে যাচ্ছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা লক্ষ্য করছি, আমাদের প্রতিপক্ষ শুধু অভিযোগ নিয়ে ব্যস্ত। তাদের ঢাকাবাসীর জন্য কোনো উন্নয়নের রূপরেখা নেই। ঢাকাবাসীর জীবনযাত্রার মান উন্নয়নে তাদের কোনো কার্যক্রম নেই। তারা জাতীয় রাজনীতি নিয়ে ব্যস্ত, আর আমরা ঢাকাবাসীর উন্নয়ন নিয়ে গণসংযোগ নিয়ে ব্যস্ত।’ তিনি বলেন, ‘আমরা উন্নয়নের রূপরেখা দিয়েছি সেটা ঢাকাবাসী সাদরে গ্রহণ করেছে। আমরা যেখানেই যাচ্ছি বিপুল সাড়া পাচ্ছি।’ আগামী ২৮ বা ২৯ জানুয়ারির মধ্যে নির্বাচনী ইশতেহার প্রকাশ করবেন জানিয়ে আওয়ামী লীগের এই মেয়র প্রার্থী বলেন, ‘আমাদের যে ৫টি রূপরেখাÑ ঐতিহ্যের ঢাকা, সুন্দর ঢাকা, সচল ঢাকা, সুশাসিত ঢাকা ও উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে আগামী ১ ফেব্রুয়ারির নির্বাচন। আমি মনে করি, ঢাকাবাসীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন এটা।’ তিনি বলেন, ‘এ নির্বাচনে ঢাকাবাসীর রায়ের মাধ্যমেই উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে একটি নবসূচনা, নবযাত্রা আমরা করতে চাই। আমি আশা করি, ঢাকাবাসী সেই উন্নত ঢাকা গড়তে রায় নৌকা মার্কায় দিয়ে তাদের সেবক হিসেবে আমাকে নির্বাচিত করবে। একই সঙ্গে স্ব স্ব ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের নির্বাচিত করে উন্নত ঢাকা গড়ার পক্ষে রায় দেবে।’
পুরান ঢাকা নিয়ে আলাদা পরিকল্পনা আছে কি নাÑ জানতে চাইলে শেখ তাপস বলেন, ‘আমরা ৩০ বছরের দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনার আওতায় যেভাবে উন্নত ঢাকা গড়ে তুলব, তেমনি ঐতিহ্যবাহী এই বংশাল-কোতোয়ালি এলাকার জন্য এখানকার ঐতিহ্যকে সংরক্ষণ করে সেই ঐতিহ্য বিশ্ববাসীর দরবারে তুলে ধরব।’
এ সময় ৩২নং ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী হাজী এম এ মান্নান (লাটিম মার্কা) এবং ৩৭নং ওয়ার্ডের প্রার্থী আব্দুর রহমান মিয়াজীকে (ঘুড়ি মার্কায়) পরিচয় করিয়ে দেন শেখ তাপস। বাবুবাজার সেতুর নিচে তাপসের এ পথসভাকে কেন্দ্র করে এর আগে আওয়ামী লীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগসহ দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিল দিতে দিতে জড়ো হন। দুপুর আড়াইটার দিকে শেখ তাপস সেখানে পৌঁছালে স্থানীয় কাউন্সিলর প্রার্থী ও দলের নেতাকর্মীরা তার হাতে ফুলের নৌকা তুলে দেন। পরে পথসভা শেষে নেতাকর্মীদের নিয়ে পুরান ঢাকার এ এলাকার বিভিন্ন সড়কে গণসংযোগ শুরু করেন তিনি। ঢাকা-১০ আসনের তিনবারের সংসদ সদস্য শেখ তাপস এই প্রথম ঢাকা সিটির মেয়র পদে লড়ছেন।
ইসলামবাগে তাপসের পক্ষে গণসংযোগ : শেখ তাপসের পক্ষে চকবাজার থানার ২৮ নম্বর ওয়ার্ডের ইসলামবাগ ও আশপাশের এলাকায় গণসংযোগ করেছেন যুবলীগ নেতারা। গতকাল শনিবারসহ কয়েক দিন এ গণসংযোগ করেন যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আনোয়ার ইসলাম, উপসম্পাদক সাজ্জাদ হোসেন, সহসম্পাদক হাবিবুর রহমান পবন ও ইকরামুল কবীর টিপু, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক জাফর আহম্মেদ রানা ও সহসম্পাদক জাহাঙ্গীর মোল্লাসহ মহানগর ও স্থানীয় যুবলীগ নেতারা। তারা বাড়ি বাড়ি গিয়ে তাপসের জন্য নৌকা মার্কায় ভোট চান। একই সঙ্গে ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দিতে উৎসাহ দেন।