ঘরের মাঠে প্রতি ম্যাচের জন্য কোচ দিয়েগো ম্যারাডোনার জন্য সিংহাসন বানানোর সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টাইন ক্লাব জিমনেসিয়া ওয়াই এসগ্রিমা। ম্যাচ চলাকালীন সাইডলাইনে এই চেয়ারে বসে কোচিংয়ের দায়িত্ব পালন করবেন আর্জেন্টাইন এই ফুটবল কিংবদন্তি।
চেয়ারে রাখা হয়েছে ক্লাব জিমনেসিয়ার রঙের ছাপ। ম্যারাডোনার জন্য রাজকীয় ঢংয়ে বানানো একটি করে চেয়ার প্রতি ম্যাচ শেষে নিলামে তোলা হবে। নিলামে যিনি চেয়ারটি পাবেন তাকে ক্লাবের পক্ষ থেকে একটি অফিসিয়াল ক্রেস্টসহ আরও কিছু জিনিস দেওয়া হবে।
১৯৮৬ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক ম্যারাডোনাকে বিশ্ব ফুটবলের অন্যতম উজ্জ্বল নক্ষত্র হিসেবে ভাবা হয়। গত সেপ্টেম্বরে আর্জেন্টিনার লা প্লাটার ক্লাবটির দায়িত্ব নেন। তার অধীনে রেলিগেশনের এড়ানোর চেষ্টা করছে দলটি।
ক্লাব জিমনেসিয়া আরও জানিয়েছে, ম্যারাডোনার জন্য নির্মিত সিংহাসনের রেপ্লিকায় তার সই করা থাকবে। সেগুলো ক্লাব শপের মাধ্যমে বিক্রি করা হবে।
শনিবার সুপার লিগার ম্যাচের আগের দিন ম্যারাডোনা তার প্রথম চেয়ারে সিগনেচার করেন।