বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান ইমান

বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেটে প্রথম সেঞ্চুরির কীর্তি গড়লেন বরিশাল টাউন স্কুলের মোহাম্মদ ইমান। রবিবার বরিশাল সরকারি জেলা স্কুলের বিপক্ষে মাত্র ৬৬ বলে সেঞ্চুরির দেখা পান ইমান। ২৭৭ রানের বড় জয় পেয়েছে ইমানের স্কুল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যবস্থাপনায় ও প্রাইম ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় দেশের বিভিন্ন জেলায় শুরু হয়েছে বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট ২০১৯-২০২০’র জেলা পর্যায়ের লড়াই। এদিন বরিশাল পর্বের খেলার উদ্বোধন হয়।

ইমনের হার না মানা ১০০ রানে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৩২৬ রানের বিশাল স্কোর গড়ে বরিশাল টাউন স্কুল। ইমানের শতক ছাড়াও ৬১ রান করেছে ওপেনিংয়ে ব্যাট করতে নামা অধিনায়ক রাহাত কাজী। ৯ চার ও ৫ ছক্কায় ঠিক ১০০ রান তুলে অপরাজিত থাকে ইমান।

জবাবে ব্যাটিংয়ে নেমে মাত্র ৪৯ রানে গুটিয়ে যায় বরিশাল জেলা স্কুল। সাব্বির হালদার ৪ ও ইমান নেয় ২ উইকেট।

এর আগে সকালে বরিশালের আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে জেলা পর্যায়ের খেলার উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এস.এম. অজিয়র রহমান। উপস্থিত ছিলেন বরিশাল পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম ও প্রাইম ব্যাংক লিমিটেডের বরিশাল শাখার প্রধান মোহাম্মদ ফরিদ হোসেন।